জামালপুরের মেলান্দহ উপজেলার একটি সেতুর একাংশ ভেঙে দুই বছর ধরে নদীতে পড়ে আছে। ফলে ১০টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে উপজেলা শহরে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, ১৯৯০ সালে কুলিয়া ইউনিয়নের টকনি-সাদীপাটি রাস্তার বলিদাখালী নদীর ওপর সেতু নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ৫ মিটার। ২০১৫ সালের আগস্ট মাসে বন্যায় সেতুটির পশ্চিম পাশের একটি অংশ ভেঙে যায়।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার সাদীপাটি গ্রামের পূর্ব পাশে সেতুটির তিনটি পিলার ভেঙে গেছে। সেতুর মাঝের অংশ ধসে পড়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সেতুটির পূর্ব পাশে একটি অংশে সাঁকো তৈরি করা হয়েছে। এই সাঁকোর ওপর দিয়ে এখন মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
সাদীপাটি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক প্রথম আলোকেবলেন, আড়াই বছর পার হলেও সেতুটি পুনর্নির্মাণ বা যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। এতে কুলিয়া ইউনিয়নের সাদীপাটি, চিনিতুলা, তেঘুরিয়া, পুগলিপাড়া, পচাবহলা, বল্লভপুর, কুলিয়া, হামলাপাড়া, টনকিপাড়া ও ভালুকা গ্রামের প্রায় ১৫ হাজার বাসিন্দা সাঁকো পার হয়ে সেতুর ওপর দিয়ে হেঁটে চলাচল করছে। স্থানীয় লোকজন কৃষিপণ্য ও ভারী মালামাল পাঁচ কিলোমিটার ঘুরে দুরমুঠ-পচাবহলা সড়ক হয়ে গাড়িতে নিয়ে যাচ্ছে। ১০ গ্রামের প্রায় এক হাজার শিক্ষার্থীকে প্রতিদিন ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে সাদীপাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদীপাটি উচ্চবিদ্যালয়, পচাবহলা উচ্চবিদ্যালয়, টনকি আলেয়া আজম কলেজ ও তারাকান্দি আলিম মাদ্রাসায় যাতায়াত করতে হচ্ছে।
সাদীপাটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বুরহান উদ্দিন বলে, ‘কত দিন ধরে সেতুটির এমন অবস্থা। ঠিক হইল না। সেতুটি ভেঙে আমাগো মুশকিল হয়ছে। ভাঙা সেতু উঠতে নড়বড়ে সাঁকো পার হতে হয়। ভাঙা সেতু দিয়ে হাঁইটে যাইতে ডর (ভয়) করে। সেতুটির মধ্যে ডাইবে (ধেবে) পড়ায় নিচ থেকে ওপরে উঠতে পিছলা খাইতে হয়।’
মেলান্দহ উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ভেঙে যাওয়া সেতুটি মেরামত করার সুযোগ নেই। সেখানে একটি নতুন সেতু নির্মাণ করতে হবে। এ জন্য একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে একাধিকবার এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সর্বশেষ এপ্রিল মাসেও পাঠানো হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তবে জানা গেছে, প্রকল্পের অনেকটা অগ্রগতি হয়েছে। প্রকল্পটি পাস হওয়ার পর সেখানে নতুন করে সেতু নির্মাণ করা হবে।