সেতু ভেঙে পড়ল এক বছরেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কের ওপর নির্মাণ করা সেতুর স্থায়িত্ব হওয়ার কথা ১০০ বছর। প্রকল্পেও সেভাবে উল্লেখ রয়েছে। অথচ নির্মাণের মাত্র এক বছরেই ভেঙে পড়েছে সেতুটি। ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামের স্থানে নির্মিত সেতুটির এই অবস্থা। ঝিনাইদহ সড়ক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সেতুটি পুরোনো হয়ে যাওয়ায় সাবেক নির্বাহী প্রকৌশলী ও এসও আবদুল মান্নান অর্থ বরাদ্দ ছাড়াই নতুন সেতু নির্মাণ করার উদ্যোগ নেন। তাঁদের পরিকল্পনা অনুযায়ী এসও আবদুল মান্নান নিজেই প্রাক্কলন তৈরি করেন। নির্মাণকাজে ব্যয় ধরা হয় ১৪ লাখ ৫৬ হাজার টাকা। আর নির্মাণাধীন সেতুটির স্থায়িত্ব ধরা হয় ১০০ বছর। এরপর টেন্ডার-প্রক্রিয়া সম্পন্ন করেন কর্মকর্তারা। অপেক্ষাকৃত কম প্রচারসংখ্যার দুটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ায় প্রকৃত ঠিকাদারেরা বিষয়টি জানতে পারেননি। ২০০৯ সালের ৫ মে দরপত্র গ্রহণ করা হয়, যাতে মাত্র তিনজন অংশ নেন। পরবর্তী সময়ে অফিসের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী কালীগঞ্জের সেতু এন্টারপ্রাইজের নামে কাজটি বরাদ্দ দেওয়া হয়। রঘুনাথপুর গ্রামের সিদ্দিকুর রহমান জানান, নির্মাণকাজের সময় নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছিল। সে সময় তাঁরা বেশ কয়েকবার প্রতিবাদ করেছিলেন। কিন্তু ঠিকাদারের লোকজন কথা শোনেননি। সেতু নির্মাণের সময়ে তদারকির দায়িত্বে থাকা সওজের এসও আবদুল মান্নান জানান, কাজে ২০ মিলি. রড ব্যবহার করার কথা ছিল এবং সেটাই ব্যবহার করা হয়েছে। তা ছাড়া শিডিউল অনুযায়ী ছয় ইঞ্চি পরপর রড ছিল। তবে তাঁর অনুমান, সিমেন্টে সমস্যা ছিল। কাজে কোনো ত্রুটি ছিল না বলে তিনি দাবি করেন। কাজের ঠিকাদার মোখলেচুর রহমান জানান, তিনি নিম্নমানের মালামাল ব্যবহার করেননি। তিনিও সিমেন্টের সমস্যার কথা বলেন। তিনি জানান, ওই কাজের বিল এখনো পাননি। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, টেন্ডার স্বচ্ছভাবেই হয়েছে। কম দরপত্র জমা পড়ার বিষয়ে তিনি বলেন, বাইরে ঠিকাদারেরা কোনো সমঝোতা করলে তাঁদের কিছু করার থাকে না। যশোর সার্কেল অফিসের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল কুদ্দুস বলেন, সব কাজ তাঁর পক্ষে দেখা সম্ভব হয় না, যে কারণে এটিও তিনি দেখেননি। ঝিনাইদহের বর্তমান নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী জানান, ইতিমধ্যে ঠিকাদার পুনরায় সংস্কারের কাজ শুরু করেছেন। তিনিও সিমেন্টের সমস্যা ছিল বলে মনে করছেন। পাশাপাশি এবার আর অসুবিধা হবে না বলে জানান।