সেতু ভেঙে পড়ায় দুর্ভোগ ১১ গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার তালতলা শাখা নদীর ওপর নির্মিত নাওটানা-পাকুরিয়া সেতুটি আট দিন আগে ভেঙে গেছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে ১১টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
দেউলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওয়ালী উল্লাহ ও দীর্ঘা ইউপির চেয়ারম্যান শাহ আলম আকন জানান, ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তালতলা শাখা নদীর ওপর লোহার এই সেতু নির্মাণ করে। কয়েক মাস আগে মালবাহী একটি কার্গোর ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ১১ জানুয়ারি সন্ধ্যায় আরেকটি কার্গোর ধাক্কায় সেতুটির তিন-চতুর্থাংশই ভেঙে যায়। ফলে ১১টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলা শাখা নদীর পশ্চিম প্রান্তে পাকুরিয়া, কারামখালী, শিংখালী, গোলাখালী, কদমবাড়ি, আশরা, জুগিয়া ও লড়া গ্রাম। পূর্ব প্রান্তে রয়েছে নাওটানা, জিলবুনিয়া ও রামনগর গ্রাম। ভেঙে যাওয়া সেতুর পূর্ব পান্তে তিনটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এ ছাড়া এখানে কয়েকটি বাজারও রয়েছে। সেতু ভেঙে যাওয়ায় পশ্চিম প্রান্তের আটটি গ্রামের মানুষ পূর্ব প্রান্তের হাটবাজারে এবং শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে চরম ভোগান্তিতে পড়েছে। আবার পূর্ব পান্তের তিনটি গ্রামের মানুষের প্রয়োজনে পশ্চিম প্রান্তে যেতেও সমস্যা হচ্ছে।
গত শনিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, সেতুর পশ্চিম প্রান্ত থেকে লোহার পিলারসহ প্রায় ১০০ ফুট সেতু ভেঙে নদীর মধ্যে পড়ে আছে। পূর্ব প্রান্তে লোহার দুটি পিলারের ওপর সেতুর বাকি অংশ দাঁড়িয়ে আছে।
নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলী আশরাফ বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী প্রতিদিন খেয়ানৌকায় নদী পারাপার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। জরুরি ভিত্তিতে সেতুটি নির্মাণ করা প্রয়োজন।
এলজিইডি নাজিরপুরের উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া বলেন, এলজিইডি এখন আর লোহার সেতু নির্মাণ করছে না। নতুন করে গার্ডার সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। আপাতত অস্থায়ী ভিত্তিতে কাঠের সেতু নির্মাণের চিন্তাভাবনা করা হচ্ছে।