সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁয়ের খালপাড় চেঙ্গাইন গ্রামের খালে নির্মিত সেতুটি ভেঙে গেছে। সাঁকোই এখন মানুষের ভরসা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
সোনারগাঁয়ের খালপাড় চেঙ্গাইন গ্রামের খালে নির্মিত সেতুটি ভেঙে গেছে। সাঁকোই এখন মানুষের ভরসা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খালপাড় চেঙ্গাইন গ্রামে স্থানীয় এক খালের ওপর নির্মিত সেতুটি দুই মাস আগে ভেঙে পড়েছে। এদিকে সেতুটি নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।
উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের এক খালের ওপর এ সেতু নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানের অংশ নেই। দুই দিকের সংযোগ সড়ক ভেঙে হেলে গেছে। ভাঙা সেতুর পাশে তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে স্থানীয় ব্যক্তিরা চলাচল করছে। এতে খালপাড় চেঙ্গাইন, বড় চেঙ্গাইন, বরাবো, সাদিপুর, বাইশটেকি, নয়াপুর, কাঁঠালবাড়িসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।
এলাকাবাসী জানান, ১৯৭৪ সালে এ সেতু নির্মাণ করা হয়। এটি ব্যবহার করে কাঁচপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১০ গ্রামের বাসিন্দা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে যাতায়াত করে। স্থানীয় গ্রামগুলোর বেশির ভাগ শিক্ষার্থী কাঁচপুরের বিদ্যালয় ও কলেজগুলোতে পড়াশোনা করে। দুই মাস আগে জরাজীর্ণ এ সেতু ভেঙে পড়ায় কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া খালপাড় চেঙ্গাইন গ্রাম হয়ে নয়াপুর বাজার পর্যন্ত এলজিইডির পাকা সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।
খালপাড় চেঙ্গাইন গ্রামের বাসিন্দা আলী হোসেন ও আমির হোসেন বলেন, সেতুটি ভেঙে পড়ার পর তাঁরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না। কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উদ্যোগে সেতুর পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। এ সাঁকো ঝুঁকিপূর্ণ। যানবাহন চলাচল করতে না পারার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।
কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, ১০ গ্রামের মানুষের দুর্ভোগের বিষয় চিন্তা করে তিনি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে নতুন সেতু নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, এক মাসের মধ্যে এখানে নতুন সেতু নির্মাণ করা হবে।