সেতু ভেঙে বন্ধ করা হলো ২০ পরিবারের চলাচল
লক্ষ্মীপুর-রায়পুর সড়কের পাশে রাখালিয়া গ্রামে গতকাল সোমবার সকালে একটি সেতু ভেঙে ফেলা হয়েছে। ২০টি হিন্দু পরিবারের চলাচল বন্ধ করতে এলাকার শেখ আহমেদ চৌধুরী লোকজন নিয়ে সেতুটি ভেঙে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সেতু ভাঙার কারণে গতকাল ওই গ্রামের বেহালার বাড়ির ২০টি হিন্দু পরিবারসহ ২৩টি পরিবারের লোকজনকে কাদা-পানি ভেঙে খাল পার হতে হয়৷ কিন্তু পরিবারগুলো ভয়ে মুখ খুলছে না। এ ঘটনায় এলাকার অন্য লোকজনও ক্ষুব্ধ। তবে তাঁরাও প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এলাকাবাসী জানান, ৫৫-৬০ বছর আগে ওই এলাকায় হিন্দু পরিবারগুলো বসবাস শুরু করে। তখনই সরকারিভবে তাদের যাতায়াতের জন্য সেতুটি নির্মিত হয়েছিল। চার-পাঁচ বছর আগে সেতুটি পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু শেখ আহমেদ নির্মাণকাজে বাধা দেন। ফলে আর সেতু নির্মিত হয়নি। আগের সেতুর ওপর দিয়েই তাঁরা চলাচল করছিলেন। গতকাল হঠাৎ শেখ আহমেদ লোকজন নিয়ে সেতুর ওপরের ঢালাই সম্পূর্ণ ভেঙে ফেলেন। পাশের রাস্তায়ও বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন বলেন, তাঁদের উচ্ছেদের পরিকল্পনা করেই সেতুটি ভেঙে ফেলা হয়েছে। এতে তাঁরা বিপাকে পড়েছেন৷ তাঁদের এখন কাদা-পানি ভেঙে খাল পার হতে হয়৷
জানতে চাইলে শেখ আহমেদ চৌধুরী নিজকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরীর ভাতিজা পরিচয় দিয়ে বলেন, ‘সেতুর আশপাশের সব সম্পত্তি আমাদের। হিন্দু পরিবারগুলো আমাদের জমিই বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে। সেতুটি ঝুঁকিপূর্ণ বলেই ভেঙে ফেলা হয়েছে। এটি ভালোভাবে মেরামত করা হবে।’
এ ব্যাপারে কথা বলার জন্য তোজাম্মেল হোসেন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিিন ধরেননি৷
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, কোনোভাবেই চলাচলের পথ বন্ধ করা যাবে না। সেতুটি মেরামত করে দেবেন বলে শেখ আহমেদ অঙ্গীকার করেছেন। মেরামত না করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।