খাগড়াছড়ির দীঘিনালা-মেরুং-লংগদু সড়কের বোয়ালখালী খালের ভেঙে যাওয়া স্টিলের সেতুটি মেরামত করতে ১০ দিন সময় লাগবে। সেতুটি ভেঙে যাওয়ায় গত সোমবার রাত থেকে দীঘিনালা-মেরুং-লংগদু সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানায়, দীঘিনালা-মেরুং-লংগদু সড়কের বোয়ালখালী খালের স্টিলের সেতুটিতে সোমবার রাতে কলা বোঝাই ট্রাক উঠলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে উপজেলার সঙ্গে মেরুং ও লংগদুর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। জিপ মালিক সমিতির লাইনম্যান মোজাফ্ফর হোসেন বলেন, সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে লোকাল চাঁদের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।বাস মালিক সমিতি সূত্র জানায়, সেতু মেরামত না হওয়া পর্যন্ত লংগদু থেকে ঢাকা ও চট্টগ্রামের চেয়ারকোচ সার্ভিস বন্ধ থাকবে। বিকল্প কোনো সড়ক না থাকায় লোকাল বাসগুলোও দীঘিনালা-মেরুং-লংগদু সড়কে চলাচল করতে পারছে না। দীঘিনালা-মেরুং-লংগদু সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনসট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল চৌধুরী বলেন, সেতুর প্যানেল ভেঙে যাওয়ায় সেতুটি সম্পূর্ণ খুলে মেরামত করতে হবে। বৃহস্পতিবার থেকে সেতু মেরামতের কাজ শুরু করা হবে। মেরামত করে সেতুটি যানবাহন চলাচল উপযোগী করতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে।