সেতু ভেঙে যান চলাচল বন্ধ
দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমবাড়ী বাজারে ইছামতীর ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে পাঁচটি যানবাহন নদীতে পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নৈশকোচগুলো দিনাজপুরে ফিরে এসে সৈয়দপুর হয়ে রংপুর যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার বাসিন্দা মো. মোফাররদ হোসেন বলেন, একটি পিকআপ, তার পেছনে বালুবোঝাই একটি ট্রাক্টর ও হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ দিনাজপুর থেকে ফুলবাড়ী যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে ১০ চাকার দুটি পাথরবোঝাই ট্রাক দিনাজপুরে আসছিল। একসঙ্গে পাঁচটি যান পাশাপাশি ওঠায় সেতুটি ভেঙে পড়ে।দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার রাত নয়টায় প্রথম আলোকে বলেন, বেইলি সেতুর নিচে নদীর পানি কচুরিপানায় ভর্তি। অন্ধকার। আলো নেই। পানির গভীরতা বোঝা যাচ্ছে না। দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের একাধিক দল, পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে এসেছে। উদ্ধারকাজ চালাচ্ছে। তবে উদ্ধার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সবাই।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, দুর্ঘটনায় অনেকে আহত হয়ে থাকতে পারেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিলে জানা যাবে। ঘটনার পর থেকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক হয়ে ঢাকাগামী এবং বিপরীত দিক থেকে দিনাজপুরগামী যান চলাচল বন্ধ আছে।