সেতু ভেঙে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদের ওপরের সেতুটি ভেঙে পড়ায় ২১ মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছে চার উপজেলার মানুষ l ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদের ওপরের সেতুটি ভেঙে পড়ায় ২১ মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছে চার উপজেলার মানুষ l ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদের ওপরের সেতুটি ভেঙে যাওয়ার প্রায় ২১ মাস পরও সংস্কার করা হয়নি। এতে চার উপজেলার প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সেতুটি ভেঙে যাওয়ায় সবেচেয়ে বেশি সমস্যা হচ্ছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাসাইল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের অক্টোবরে বাসাইল উপজেলার নাটিয়াপাড়া-কাঞ্চনপুর সড়কের ঝিনাই নদের ওপর ১০৮ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। ওই সময় এটি নির্মাণের জন্য ৩৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। সেতুর উত্তর পাশে বাসাইল ও সখীপুর এবং দক্ষিণ পাশে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা।
এলাকাবাসী বলেন, ২০১৫ সালের ৩০ আগস্ট বালু বহনকারী একটি ট্রলারের ধাক্কায় সেতুটির একটি পিলার ও ওপরে মাঝখানের কিছু অংশ ভেঙে যায়। এতে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থায় লোকজন গ্রীষ্মকালে বাঁশের সাঁকো ও বর্ষায় নৌকায় নদী পারাপার হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতু দিয়ে মির্জাপুর, দেলদুয়ার, সখীপুর ও বাসাইল উপজেলার মানুষ এবং মির্জাপুরের আদাবাড়ি গহর আলী উচ্চবিদ্যালয়, বাসাইলের কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র মাদ্রাসা, কাঞ্চনপুর দক্ষিণপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও চলাচল করত। এলাকার কৃষকেরা তাঁদের কৃষিপণ্য স্থানীয় কাঞ্চনপুর, বিলপাড়া, নাটিয়াপাড়া, মির্জাপুরের ফতেপুর, ছাওয়ালী ও মহেড়া বাজারে নিতেন।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস মির্জাপুরের কুর্ণী ও আগধল্যা থেকে ছাওয়ালী-কাঞ্চনপুর হয়ে সরাসরি বাসাইল কিংবা সখিপুর দিয়ে ঢাকাসহ আশপাশে চলাচল করত। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় ২১ মাস ধরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কৃষকেরা এখন প্রায় তিন থেকে চার কিলোমিটার ঘুরে বিলপাড়া সেতু দিয়ে ভ্যানে কৃষিপণ্য আশপাশের বাজারে নিচ্ছেন। আর অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে বাসাইল-করটিয়া কিংবা বাসাইল-নলুয়া-হাটুভাঙ্গা হয়ে ঢাকাসহ আশপাশের জেলায় জরুরি প্রয়োজনে যাচ্ছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সেতুটির উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কের অধিকাংশ স্থান ভেঙে নদীগর্ভে চলে গেছে। সেতু ভেঙে যাওয়ায় লোকজন নৌকায় পাঁচ টাকা দিয়ে পারাপার হচ্ছে।
কাঞ্চনপুর গ্রামের ব্যবসায়ী রানা করিম বলেন, সেতু ভেঙে যাওয়ায় অসুস্থ রোগীদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।
কাঞ্চনপুর গ্রামের ভ্যানচালক হাফেজ মিয়া ও রহিম মিয়া বলেন, আগে সেতুর ওপর দিয়ে সহজেই তাঁরা ভ্যান চালাতে পারতেন। সে সময় গড়ে প্রতিদিন ৫০০-৭০০ টাকা আয় করতেন। এখন সেতুর এক পাশে ভ্যান নিলে অন্য পাশে একই সময় ভ্যান নেওয়া যায় না। তাই আয়ও কমে গেছে। এখন তাঁরা মাত্র ২৫০-৩৫০ টাকা আয় করেন।
এ ব্যাপারে এলজিইডির বাসাইল উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ওই স্থানে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১৯৫ মিটার দীর্ঘ সেতু পুনর্নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। আগামী জুলাইয়ের প্রথম দিকে সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।