ঝালকাঠি-কাঁঠালিয়া-আমুয়া সড়কের একটি সেতু ভেঙে পড়ায় ছয় মাস ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভেঙে পড়া সেতুর মালামাল সরিয়ে নিতে বাধা দেওয়ায় কর্তৃপক্ষ ইচ্ছে করে সেতু পুনর্নির্মাণের কাজ ঝুলিয়ে রেখেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ঝালকাঠি থেকে কাঁঠালিয়া, আমুয়া, বামনা ও পাথরঘাটায় যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের অনেক পথ ঘুরে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে চলাচল করতে হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঝালকাঠি-কাঁঠালিয়া-আমুয়া ৪৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের ২০তম কিলোমিটারে ঝালোবাড়ি খালের ওপর নির্মিত বেইলি সেতুটি গত বছরের ৭ আগস্ট স্লুইস গেটের পানির চাপে ভেঙে পড়ে। পরদিন সওজ বিভাগের কর্মচারীরা ট্রাকযোগে ভেঙে পড়া সেতুর স্টিল প্লেট, এঙ্গেলসহ যাবতীয় মালামাল সরিয়ে নিতে চাইলে এলাকাবাসী বাধা দেয়। এলাকাবাসীর অভিযোগ, মালামাল নিয়ে গেলে কর্তৃপক্ষ আর সহজে সেতুর কাজ শুরু করবে না। সেতু এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সওজ সেতুর বড় মালামাল ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখে ছোট মালামাল নিয়ে যায়। ছয় মাস অতিবাহিত হলেও কর্তৃপক্ষ এখনো সেতু নির্মাণে কোনো কাজ শুরু করতে পারেনি। ঝালকাঠি সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহীন সরকার বলেন, ওই স্থানে একটি আরসিসি সেতু নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রাক্কলন তৈরি করে ঢাকায় পাঠানো হবে। সেতুটি নির্মাণে প্রায় চার কোটি টাকার বরাদ্দের প্রয়োজন হবে। প্রাক্কলন বরাদ্দ, দরপত্র প্রক্রিয়া ও কাজ শেষ করতে কমপক্ষে দেড় বছর সময় লাগবে।