সেতু ভেঙে যোগাযোগ বন্ধ ১৩ দিন
নওগাঁর ধামইরহাট উপজেলার বড়থা বাজার এলাকায় মাতাজী হাট-ফতেপুর সড়কের ওপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ায় ১৩ দিন ধরে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ধামইরহাট উপজেলা সদর ও নওগাঁ শহরে যাতায়াত করতে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার চার ইউনিয়নের মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার এলাকায় মাতাজী হাট-ফতেপুর সড়কের ওপর নির্মিত সেতুটি বন্যার পানির তোড়ে ১৭ আগস্ট ধসে পড়ে। এতে ধামইরহাট উপজেলার আড়ানগর, আমাইড়, ইসবপুর ও পত্নীতলা উপজেলার গগনপুর ইউনিয়নের বাসিন্দাদের অনেক পথ ঘুরে নওগাঁ শহর ও ধামইরহাট উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সেতুটির পুরো অংশ ধসে পড়েছে। ভাঙা সেতুর এক পাশে সাঁকো তৈরি করা হয়েছে। সেই সাঁকো দিয়ে হেঁটে চলাচল করছে মানুষ। ঝুঁকি নিয়ে সাইকেল ও মোটরসাইকেলও পার হচ্ছে।
ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, ‘মাতাজী হাট-ফতেপুর সড়ক দিয়ে অটোরিকশা, কিংবা মোটরসাইকেলে নওগাঁ জেলা শহরে যেতে ১ ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় লাগত। সেতুটি ভেঙে পড়ায় এখন পত্নীতলার নজিপুর হয়ে ঘুরে নওগাঁ শহরে যেতে হচ্ছে। এতে ৩০ থেকে ৪০ মিনিট সময় বেশি লাগছে। বাড়তি ভাড়াও দিতে হচ্ছে।’
আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, সেতুটি যেদিন ভেঙে যায়, ওই দিনই বিষয়টি ইউএনও এবং উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তাঁরা দ্রুত সেতুটি সংস্কারের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন। কিন্তু আজ ১৩ দিন পার হলেও সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্থানীয় লোকজন অনেক ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় হাটবাজারে পণ্য পরিবহনে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে লোকজন।
ধামইরহাট উপজেলা প্রকৌশলী আলী হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, বন্যার কারণে ভেঙে যাওয়া সেতুটি পর্যবেক্ষণ করা হয়েছে। আপাতত হালকা যানবাহন ও মানুষ চলাচলের জন্য তিন-চার দিনের মধ্যে সেতুটির ওপর বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হবে। সেতুটি পুরোপুরি সংস্কার করতে আরও কিছুদিন সময় লাগবে।