সেতু ভেঙে শিশুসহ ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজার–সংলগ্ন নদীর ওপর ভেঙে যাওয়া সেতু পারাপারের সময় ভেঙে পড়ে গত শনিবার দুপুরে শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

এলজিইডি আমতলী উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০০০ সালে এলজিইডির অর্থায়নে কচুপাত্রা বাজারসংলগ্ন নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থ লোহার সেতুটি নির্মাণ করা হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে সেতুটি ভেঙে যায়। এরপর সেতুটি আর নির্মাণ করা হয়নি। এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন পঁচাকোড়ালিয়া ও শারিকখালী ইউনিয়নের অন্তত তিন হাজার বিদ্যালয়গামী শিক্ষার্থী ও স্থানীয় লোকজন যাতায়াত করে।

এলাকার লোকজন জানায়, সেতুটি দীর্ঘদিনেও মেরামত না করায় যাতায়াতের সুবিধার্থে স্থানীয় কলারং, চান্দুখালী, চরকগাছিয়া ও কচুপাত্রা গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজস্ব অর্থায়নে সেতুর ওপর কাঠের পাটাতন দিয়ে যাতায়াত অব্যাহত রাখেন। শনিবার দুপুরে ওই পাটাতনের একটি অংশ ভেঙে পড়ে তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বেল্লাল হোসেন, হুলাটানা প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী জুঁই, তার মা কহিনুর বেগম ও পথচারীসহ ১০ জন আহত হন।

এ ব্যাপারে তালতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী এস এম তৈয়বুর রহমান বলেন, পটুয়াখালী ও বরগুনা সেতু নির্মাণ প্রকল্পের মধ্যে এই সেতুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই এই কাজের দরপত্র আহ্বান করা হবে।