সেতু ভেঙে সিরাজগঞ্জ-কাজীপুর যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের বরইতলি এলাকার বেইলি সেতুটি গত বুধবার বেলা একটার দিকে আকস্মিকভাবে ভেঙে পড়েছে। এতে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।কাজীপুর উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০০৭ সালের বন্যায় সড়কের বরইতলির একটি পাকা সেতু সম্পূর্ণ ধসে যায়। এরপর সেখানে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। ২০০৯ সালে ধসে যাওয়া স্থানটি ভরাট করার পর বন্যায় ওই স্থান আবার ধসে যায়। এরপর সেখানে আরেকটি বেইলি সেতু স্থাপন করা হয়। বুধবার একটি ট্রাক ওঠার পর ওই সেতুটি ধসে যায়। এর পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম বলেন, ভারী পাথরভর্তি ট্রাক যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দু-এক দিনের মধ্যে বেইলি সেতু প্রতিস্থাপনের পর ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।