সেতু ভেঙে সড়ক, সেটাও বৃষ্টিতে ভেসে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে সেতু ছিল। সেটি ভেঙে যাওয়ায় বিশেষজ্ঞরা বললেন, সেতুর দরকার নেই। মাটি ভরাট করতে হবে। সরকারি তহবিলের আট লাখ টাকা খরচ করে মহাসমারোহে সেতু ভেঙে সেখানে মাটি ভরাট করা হলো। তবে কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যে বৃষ্টিতে ভরাট করা মাটি ধুয়ে ফিরে এল আগের অবস্থা। এখন সেখানে সেতুও নেই বাঁধও নেই। যানবাহন চলতে পারছে না। কর্তৃপক্ষ সুর পাল্টে বলছে, সেতুটি সরানো ঠিক হয়নি। ভরাট করা মাটি সরিয়ে সেখানে সেতুই নির্মাণ করতে হবে। মাঝখান থেকে যে সরকারি অর্থের অপচয় ও জনজীবনের বিড়ম্বনা হলো, সে বিষয়ে তারা দায় স্বীকার করেনি। সিরাজগঞ্জের কাজীপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে।সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজীপুর উপজেলা সদরসংলগ্ন বরইতলিতে সিরাজগঞ্জ-সোনামুখী মহাসড়কের একটি সেতু ২০০৬ সালে ভেঙে যায়। সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটি ভেঙে সেখানে প্রায় আট লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করার সিদ্ধান্ত নেয়। এক সপ্তাহ আগে মাটি ভরাটের কাজ শেষ হলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়। তবে গত দুই দিনের বৃষ্টিতে ভরাট করা মাটি ধুয়ে যাওয়ায় ফিরে আসে আগের অবস্থা। সড়কে গত সোমবার থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। মাটি ভরাটের সময় যান চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে পাশেই একটি বেইলি ব্রিজ বসানো হয়েছিল। কাজ শেষ হওয়ায় কর্তৃপক্ষ সেটিও তুলে নেয়। ফলে বিকল্প সড়কটিও এখন চলাচলের অযোগ্য। বরইতলির বাসিন্দা আবদুল করিম ও সেলিম আহম্মেদ অভিযোগ করেন, ধসে যাওয়া স্থানের কয়েক গজ দূর থেকে বালু কেটে নিচু জায়গা ভরাট করা হয়েছে। বৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবেই ওই মাটি আগের জায়গায় ফিরে গেছে। অন্য স্থান থেকে মাটি কেটে এনে ভরাট করলে এমনটি হতো না। কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তার পাশে বিশাল গর্ত করে বালু কেটে গর্ত ভরাট করায় এ বিপত্তি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ এলাকার হাজার হাজার মানুষ বিপদে পড়েছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম জানান, মাটিতে বালুর পরিমাণ বেশি থাকায় জায়গাটি ধসে গেছে। তিনি বলেছেন, সেখানে জায়গা ভরাট করা ঠিক হয়নি। এই স্থানে সেতু নির্মাণ না করলে রাস্তা চালু রাখা সম্ভব হবে না। তারা সেতু নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করবেন।