বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের পাশে খালের ওপর নির্মিত লোহার সেতুটি ২০১৪ সালে পাথরবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়ায় জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০০২ সালে ৬ লাখ টাকা ব্যয়ে বৈকালীন বাজারের পাশে খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুর দৈর্ঘ্য ২৭ মিটার। ২০১৪ সালে সেতুর ওপর দিয়ে পাথরবোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। ফলে জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এ কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, বাঁশ ও কাঠের খুঁটি দিয়ে কাঠের তক্তা বিছিয়ে জোড়াতালি দিয়ে মানুষ চলাচলের জন্য ভাঙা সেতুর ওপর একটি সাঁকো তৈরি করা হয়েছে। যেকোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সদর উপজেলার আয়লা পাতাকাটা, বেতাগী উপজেলার চান্দখালী ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করে থাকে। এ ছাড়া স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন ধরনের কাজের তাগিদে এই সেতু পার হয়ে জেলা শহরে আসতে হয় অনেককে। তা ছাড়া বৈকালীন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমুয়া পিকে মাধ্যমিক বিদ্যালয়, ইটবাড়িয়া কদমতলা সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, জজিয়া কেজি স্কুল, কদমতলা কলেজসহ প্রায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করে। শিক্ষার্থীদের অভিযোগ, এ অবস্থায় তারা নিয়মিত ক্লাস করতে পারছে না।
লেমুয়া পিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাউন কবির বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। অভিভাবকেরা ঝুঁকি নিয়ে শিশুশিক্ষার্থীদের স্কুলে পাঠাতে পারছেন না।
আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী সামশুল হক বলেন, এই সেতুটি বেতাগীর চান্দখালী, আয়লা বাজার ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। সেতুটি মেরামত না করায় এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় সেতুর ডিজাইন তৈরি হচ্ছে। আগামী মাসে সেতুর দরপত্র আহ্বান করা হতে পারে।’