সেতু ভেঙে সড়কে যান চলাচল বন্ধ
ঝালকাঠি-নবগ্রাম সড়কের খাদৈখিড়া সেতু গত সোমবার বেলা ১১টার দিকে ভেঙে যায়। এতে ওই সময় থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতু ভেঙে যাওয়ায় ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হয়েছে। খাদৈখিড়া গ্রামের বেলায়েত হোসেন জানান, কিছুদিন আগে সেতুটির মাঝ বরাবর ফাটল ধরে। সোমবার সকালে ওই ফাটল ধরা অংশ ভেঙে যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুর ওপর দিয়ে বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এ সেতুর ওপর দিয়ে চলাচলকারী ঝালকাঠির নবগ্রাম, গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠি ইউনিয়ন এবং বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ঝালকাঠি সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, ‘সোমবার সেতুর মাঝখানের একটি অংশ ভেঙে পড়ে। এ অবস্থায় আমরা ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছি। বিষয়টি ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে জানিয়েছি। তারা বলেছে, দ্রুত ভাঙা অংশ সংস্কার করে দেবে।’সওজের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, ‘খাদৈখিড়া সেতুর ভাঙা অংশ সংস্কার করার জন্য আমরা লোক পাঠিয়েছি। সংস্কার করা হলেই সেতু দিয়ে বাস চলাচল করতে পারবে।’