সেতু ভেঙে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
জামালপুরের মেলান্দহ উপজেলার টনকি-সাদীপাটি রাস্তার বলিদাখালী খালের ওপর নির্মিত সেতুটি গত বছর বন্যায় ধসে পড়ে। এরপর প্রায় ছয় মাসেও সেতুটি পুনর্নির্মাণ করা হয়নি। ফলে কুলিয়া ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাদীপাটি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, গত বছর আগস্টে বন্যায় সংযোগ সড়কসহ সেতুটির মাঝখানে ভেঙে যায় এবং এরপর বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সেতুর সংযোগ সড়কে বাঁশের সাঁকো তৈরি করে গ্রামবাসী যাতায়াত করছে। কৃষকের উৎপাদিত পণ্য এখন ৫ কিলোমিটার ঘুরে বাজারে নিতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্র জানায়, ১৯৯০ সালে উপজেলা সদরে যাতায়াত সহজ করতে টকনি-সাদীপাটি রাস্তার বলিদাখালী খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ৫ মিটার। গত বছর বন্যায় সেতুটি মাঝখানে ভেঙে যায়।
গত শনিবার সরেজমিন দেখা যায়, সাদীপাটি গ্রামের পূর্ব পাশে সেতুটির তিনটি স্তম্ভ (পিলার) ভেঙে গেছে। সেতুর মাঝখানে ভেঙে গিয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় হেঁটে যাতায়াতের জন্য সেতুটির পূর্ব পাশে একটি অংশে সাঁকো তৈরি করা হয়েছে। ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে সেতুতে উঠে পার হচ্ছে লোকজন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ছয় মাস অতিবাহিত হলেও এটি পুনর্নির্মাণ বা যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। এতে ওই ইউনিয়নের সাদীপাটি, চিনিতুলা, তেঘুরিয়া, পুগলিপাড়া, পচাবহলা, বল্লভপুর, কুলিয়া, হামলাপাড়া, টনকিপাড়া ও ভালুকা গ্রামের প্রায় ৮ হাজার বাসিন্দা সাঁকো পার হয়ে সেতুর ওপর দিয়ে হেঁটে চলাচল করছে। ১০ গ্রামের প্রায় এক হাজার শিক্ষার্থীকে প্রতিদিন ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে সাদীপাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদীপাটি উচ্চবিদ্যালয়, পচাবহলা উচ্চবিদ্যালয়, সাদীপাটি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টনকি জুবাইদা জব্বার উচ্চবিদ্যালয়, টনকি আলেয়া আজম কলেজ ও তারাকান্দি আলিম মাদ্রাসায় যাতায়াত করতে হচ্ছে।
সাদীপাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বিপ্লব হোসেন বলে, ‘ব্রিজটি ভাঙে আমাগো মুশকিল হয়েছে। ভাঙা ব্রিজে উঠতে নড়বড়ে সাঁকো পার হতে হয়। ভাঙা ব্রিজ দিয়ে হাইটে যাইতে ডর (ভয়) করে।’
মেলান্দহ উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ভেঙে যাওয়া সেতুটির স্থলে ৯০ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত বছর নভেম্বরে ওই প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।