সেতু ভেঙে ১০ হাজার মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘপাড়া গ্রামের সেতুর ভাঙা অংশে নির্মিত সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন l প্রথম আলো
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘপাড়া গ্রামের সেতুর ভাঙা অংশে নির্মিত সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন l প্রথম আলো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিঘপাড়া গ্রামের একটি সেতু তিন বছর ধরে ভেঙে পড়ে আছে। এটি সংস্কার না করায় দুটি গ্রামের ১০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এলাকাবাসী সেখানে সেতু পারাপারের জন্য একটি সাঁকো নির্মাণ করেছেন। তবে সাঁকো থেকে সেতুটি উঁচু হওয়ায় দুর্ঘটনা ঘটছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে দিঘপাড়া-বালিজুড়ী কাঁচা রাস্তার দিঘপাড়া গ্রামের যমুনা নদীর একটি শাখা খালের ওপর সেতুটি নির্মাণ করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। এর দৈর্ঘ্য প্রায় ৫০ মিটার ও প্রস্থ প্রায় ৫ মিটার। এর ওপর দিয়ে দিঘপাড়া ও ঘুনাপাড়া গ্রামের ১০ হাজার লোক সদর উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করেন।

এ বিষয়ে মাদারগঞ্জের পিআইও মো. আলাল উদ্দিন বলেন, সেতুটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ছিল। ওই স্থানে একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুটির দক্ষিণ পাশ বিমসহ ভেঙে গেছে। ভাঙা অংশে পারাপারের জন্য ১০ মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। গ্রামের লোকজন ওই সাঁকোর ওপর দিয়ে চলাচল করছেন।

দিঘপাড়া গ্রামের শমশের মোল্লা বলেন, ২০১৪ সালের বর্ষাকালে খালের পানির স্রোতের চাপে দুটি পিলার ভেঙে সেতুটির দক্ষিণ পাশ ধসে পড়ে। সেতু ভাঙা থাকায় তিন বছর ধরে কোনো যানবাহন চলাচল করে না। সেতুটি অনেক উঁচু হওয়ার কারণে গত তিন বছরে পড়ে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। গত মাসে দিঘপাড়া গ্রামের রিকশাচালক তারা মিয়া সেতুটি পার হওয়ার সময় পড়ে যান। এতে তাঁর পা ভেঙে যায়। গ্রামের লোকজন চাঁদা তুলে তারা মিয়ার চিকিৎসা করান। সেতুটি সংস্কারের জন্য অনেকবার ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হলেও তাতে কোনো লাভ হয়নি। এরপর বাধ্য হয়ে ২৫ হাজার টাকা খরচ করে ওই সাঁকোটি নির্মাণ করেন এলাকাবাসী। পরে চেয়ারম্যান তৌফিকুল ইসলাম ২০ হাজার টাকা দেন।

দিঘপাড়া গ্রামের আমেনা বেগম বলেন, ‘সেতুটি ভাঙা থাকায় এই গ্রামের অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে সমস্যা হয়। প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে শহরে যেতে হয়। নড়বড়ে সাঁকো দিয়ে চলাচল করতে ভয় লাগে। গত সপ্তাহে আমাদের গ্রামে একটি বিয়ে ছিল। ঢাকা থেকে লোকজন এসেছিল। সেতুটি পার হতে গিয়ে একজন নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।’

দিঘপাড়া গ্রামের ছমেদ আলী বলেন, ‘সেতু ভাঙা থাকায় আমাদের অনেক সমস্যা হয়। ধান-চালসহ বিভিন্ন কৃষিপণ্য কৃষকেরা সহজে এক পাড় থেকে অন্য পাড়ে নিতে পারেন না।’
এ বিষয়ে স্থানীয় চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম বলেন, ‘গ্রামের লোকজন সেতুটি সংস্কারের জন্য আমার কাছে অনেকবার এসেছিল। সেখানে একটি সেতু নির্মাণের কথা বলতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আমিও অনেকবার গিয়েছি। তাঁরা জানিয়েছেন, আগামী বছর ওই স্থানে একটি নতুন সেতু নির্মাণ করা হবে।’