সেতু ভেঙে ১২ বরযাত্রী আহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে গাজীর খালের ওপর নির্মিত সেতুটি গত শুক্রবার ভেঙে গেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। সেতুটির পাশে সাঁকো তৈরি করে পথচারী পারাপারের ব্যবস্থা করা হলেও এর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন তালুকদার বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত পাঁচ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। পথচারী পারাপারের জন্য গতকাল সেখানে সুপারিগাছ দিয়ে সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে শতাধিক বরযাত্রী একসঙ্গে সেতুটির ওপর ওঠেন। এতে সেতুটি ভেঙে ১২ জন আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আহত ব্যক্তিদের মধ্যে চিংগুড়িয়া গ্রামের বরযাত্রী রিপন, রাজীব, পলাশ, মহসিন ও কামাল রয়েছেন।
নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বলেন, ২০ বছর আগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৪৫ ফুট দৈর্ঘ্যের লোহার সেতুটি নির্মাণ করে। কয়েক বছর আগে এটির খুঁটি ও বিম নাজুক হয়ে পড়ে। দুই বছর আগে সেতুটি মেরামত করা হয়। কিন্তু অর্থাভাবে তা ঠিকমতো করা যায়নি।
উপজেলা প্রকৌশলী শাহ আলম চৌধুরী গতকাল শনিবার বলেন, ‘ঢাকায় আছি। ভান্ডারিয়ায় গিয়ে এ ব্যাপারে খোঁজ নেব। এলজিইডি এখন আর লোহার সেতু নির্মাণ করে না। আপাতত সেতুটি মেরামত করা যেতে পারে। এরপর সেখানে গার্ডার সেতু নির্মাণের জন্য প্রাক্কলন পাঠানো হবে।’
ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল মালেক বলেন, সেতুটি দিয়ে শিক্ষার্থীসহ প্রতিদিন কয়েক শ মানুষ হাটবাজার ও বিদ্যালয়ে যাতায়াত করে। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন।
ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক রিয়াজ গাজী বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় নদমুলা গ্রাম থেকে আশপাশের গ্রামে ও উপজেলা সদরে যাতায়াতের জন্য সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।