সেতু ভেঙে ১৩ পথে যোগাযোগ বন্ধ

পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় গত বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জে ও শুক্রবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বেইলি সেতু ধসে পড়েছে। এ কারণে ১৩টি সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ভান্ডারিয়ার মাদারসী এলাকায় শুক্রবার রাতে দুটি পাথরবোঝাই ট্রাক একসঙ্গে পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এ ঘটনায় মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার সঙ্গে ১২টি পথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে পাথরবোঝাই দুটি ট্রাক পিরোজপুর হয়ে বরগুনা যাচ্ছিল। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পাথরবোঝাই ওই দুটি ট্রাক একসঙ্গে ভান্ডারিয়ার মাদারসী বেইলি সেতু পার হচ্ছিল। এ সময় ট্রাকের ভারে ২০০ ফুট দীর্ঘ সেতুটির দুই প্রান্ত ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ট্রাক দুটির চালক পালিয়েছেন। সেতুটি ভেঙে যাওয়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা ও পিরোজপুরসহ ১২টি পথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সেতুটি ভেঙে পড়ায় চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক দিয়ে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের (বিএফডিসি) মাছবাহী ট্রাক, স্থানীয় ও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় পাথরঘাটা থেকে মাছবাহী ট্রাক ২০ কিলোমিটার ঘুরে ঝালকাঠির আমুয়া হয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
ঈগল পরিবহনের মঠবাড়িয়া কাউন্টারের ব্যবস্থাপক ফুয়াদ আকন বলেন, সেতু ভেঙে যাওয়ায় মঠবাড়িয়া ও পাথরঘাটা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসের যাত্রীদের মাদারসী গিয়ে বাসে উঠতে হচ্ছে। এতে পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার ও মঠবাড়িয়া থেকে ২০ কিলোমিটার বিকল্প যানবাহনে গিয়ে বাস ধরতে হচ্ছে।
গতকাল শনিবার সকাল নয়টায় দেখা গেছে, মাদারসী বেইলি সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। সেতুর দক্ষিণ প্রান্তে পিরোজপুর ট-১১-০২১১ এবং উত্তর প্রান্তে পটুয়াখালী ট-১১-০০৬৫ নম্বরের ট্রাক দুটি রয়েছে। মানুষ বিধ্বস্ত সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন। পরে পুলিশ সেতু দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দিয়ে খেয়া নৌকায় পারাপারের ব্যবস্থা করে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, সর্বোচ্চ ২০ টন ধারণক্ষমতাসম্পন্ন বেইলি সেতুটি দিয়ে ৫০ টন ওজনের দুটি ট্রাক (প্রতিটি ২৫ টন) একসঙ্গে চলাচল করায় সেতুটি ভেঙে যায়। তিনি জানান, চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ২২টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। এসব সেতু দিয়ে ৫ টনের বেশি মালবাহী ট্রাক চলাচল নিষেধ।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বরিশাল থেকে ক্রেন এনে উদ্ধারকাজ শুরু হয়েছে। সেতুটি দ্রুত পুনঃস্থাপন করা হবে। এ ঘটনায় ট্রাকের মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করা হবে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে পাথরবোঝাই আরেকটি ট্রাক সেতু অতিক্রমকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কাঁঠালতলি খালের ওপর নির্মিত বেইলি সেতুটি বিকট শব্দে ভেঙে পড়ে। ফলে বরগুনা-মির্জাগঞ্জ-বাকেরগঞ্জের ব্যস্ততম এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সড়ক দিয়ে বরগুনা, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচল করে থাকে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ হয়ে বরগুনার দিকে যাচ্ছিল। রাত দুইটার দিকে কাঁঠালতলি বেইলি সেতুটি পার হওয়ার সময় সেটি ভেঙে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করেন। কাঁঠালতলি সেতু বিধ্বস্ত হওয়ায় এই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীবাহী বাস ও ট্রাক এখন প্রায় ১৫ কিলোমিটার ঘুরে বরগুনার বেতাগী উপজেলা হয়ে মির্জাগঞ্জ যাচ্ছে।
কাঁঠালতলি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম তালুকদার জানান, এমনিতেই সেতুটি পুরোনো। তার ওপর গভীর রাতে অতিরিক্ত পাথর বোঝাই করে ট্রাক চলাচল করায় সেতুটি ভেঙে পড়েছে। দ্রুত বিকল্প যোগাযোগব্যবস্থার জন্য ইউএনওকে অবহিত করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলার ইউএনও শাহ মো. রফিকুল ইসলাম গতকাল শনিবার বলেন, বিষয়টি পটুয়াখালীর সওজ বিভাগকে অবহিত করা হয়েছে। শিগগিরই সেতু মেরামতের ব্যবস্থা করা হবে।