সেতু ভেঙে ১৩ শিক্ষার্থী আহত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সেতু ভেঙে ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট বাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের কাছে কোড়ালিয়া খালের ওপর লোহা ও সিমেন্টের স্লাব দিয়ে নির্মিত সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কোড়ালিয়া খালের সেতু ভেঙে তাঁর বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সানিয়া, রিতা; চতুর্থ শ্রেণীর মারুফা, আইরিন, রীতি, শারমিন, মিতু, নিতা, সাথী, শর্মী, জিদান, ইকন ও নিশীতা খালের পানিতে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাদের খাল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার অভিযোগ করেন, বিদ্যালয়ের কাছের ওই সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। কেউ এটি সংস্কারের উদ্যোগ নেয়নি।