পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদি-নওমালা খালের ওপরের সেতুটি ভেঙে পড়ার পর আর নির্মাণ করা হচ্ছে না। এ কারণে সেতুটির পাশে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছেন লোকজন। এতে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক হাজার মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই খালটির বেশির ভাগ অংশ বাউফলে পড়েছে। দক্ষিণ পাশের কিছু অংশ পড়েছে দশমিনা উপজেলায়। ১৯৯৪-৯৫ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়। এরপর আর কোনো দিন সেতুটির মেরামত করা হয়নি। গত জানুয়ারি মাসে সেতুটি ভেঙে পড়ে। সেটি এখনো পানির নিচে পড়ে আছে। এরপর সেতুটি নির্মাণে আর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বেতাগি সানকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিবুল মিয়া বলেন, সেতুটি তাঁর এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেতু দিয়েই তাঁর এলাকার মানুষ বাউফলের কালাইয়া ও নগরের হাটে যান এবং শিক্ষার্থীরা মাদ্রাসা ও কলেজে যান।
নওমালা ইউপির চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার বলেন, সেতুটির বিষয়ে উপজেলা এলজিইডি ও উপজেলা পরিষদকে জানানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। এ কারণে এলাকাবাসী সাঁকো তৈরি করে তার ওপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। তিনি অল্প সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাউফলের নওমালা ও দশমিনার বেতাগি সানকিপুর ইউনিয়নের মানুষের যাতায়াতের সহজ মাধ্যমছিল সেতুটি। এটি ছাড়া বেতাগি সানকিপুর ইউনিয়নের লোকজনকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। সেতুটি দিয়ে মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওমালা মাধ্যমিক বিদ্যালয়, নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করতেন। এ ছাড়া চিকিৎসার জন্যও বেতাগি গ্রামের মানুষকে বাউফলে আসতে হয়।
নওমালা গ্রামের বাসিন্দা মো. মোশারেফ হোসেন প্যাদা বলেন, প্রয়োজনের তাগিদে স্থানীয় লোকজন সেতুর পরিবর্তে সাঁকো তৈরি করেছেন। এর ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন মানুষ। যেকোনো সময় সাঁকোটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সেতুটি নির্মাণ করা প্রয়োজন।
নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সুলতানা জাহান বলেন, ‘দীর্ঘ সাত মাস সেতুটি ভেঙে পানিতে তলিয়ে রয়েছে। অথচ তা দেখার কেউ নেই। এটা খুবই দুঃখজনক। ভাগ্য ভালো যে সেতুটি ভেঙে হতাহতের ঘটনা ঘটেনি।’
নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল বলেন, তিনি সেতুটি দিয়েই নিয়মিত কলেজে আসা-যাওয়া করতেন। এখন ঝুঁকি নিয়ে সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় তাঁকে।
জানতে চাইলে দশমিনা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে সম্প্রতি যোগদান করেছি। খোঁজ নিয়ে দেখতে হবে সেতুটি আমরা নির্মাণ করেছি, নাকি বাউফল উপজেলা এলজিইডি নির্মাণ করেছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী মো. জহুরুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।