সেতু মন্ত্রীর দুঃখ প্রকাশ
দিনব্যাপী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটে ভোগান্তির শিকার হওয়া ঘরমুখো মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাতে গাজীপুরের চন্দ্রা মোড়ে মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নর জবাবে এ কথা বলেন সেতু মন্ত্রী।
এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য যানজটের জন্য গত রাতে প্রবল বর্ষণ, পোশাক কারখানা একযোগে ছুটি হওয়ায় বিপুলসংখ্যক যাত্রীর একযোগে যাত্রা, আটটি গাড়ি বিকল ও দুটি সড়ক দুর্ঘটনাকে দায়ী করেন। এ ছাড়া মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের আধিক্যও এই যানজটের কারণ বলে তিনি জানান। তবে এবারের অভিজ্ঞতা নিয়ে আগামী রোজার ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
মন্ত্রীর পরিদর্শনকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলের পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।