সেতু মেরামত শেষ হয়নি, সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেঙে পড়া বেইলি সেতু মেরামতের কাজ এক মাস ১১ দিনেও শেষ না হওয়ায় কমলগঞ্জ-মৌলভীবাজার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সড়কের মইডাইল এলাকার বেইলি সেতুটি গত ৫ মে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে।

এলাকার লোকজন জানান, যাঁদের নিজস্ব যানবাহন আছে, তাঁরা শ্রীমঙ্গল হয়ে অতিরিক্ত ২৫ কিলোমিটার অথবা শমশেরনগর হয়ে ১২ কিলোমিটার ঘুরে মৌলভীবাজার সদরে যাতায়াত করছেন। সিএনজিচালিত অটোরিকশা বা যাত্রীবাহী বাসে চলাচলকারী লোকজন প্রথমে ভাঙা সেতু পর্যন্ত যান। সেখানে নেমে বাঁশের সাঁকো পার হন। এরপর আরেকটি যানবাহনে চড়ে তাঁরা জেলা সদরে যাচ্ছেন। এতে দুর্ভোগের সঙ্গে সঙ্গে তাঁদের যাতায়াত ভাড়াও বেড়ে গেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মুমিনুর রহমান বলেন, ‘একটি ছোট বেইলি সেতু মেরামত করতে এত দিন সময় লাগে তা ভাবতে অবাক লাগছে।’

কমলগঞ্জ ইউএনও মোহামঞ্চদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বেইলি সেতুটি মেরামত করে দ্রুত এ পথে যানবাহন চলাচল শুরু করার কাজে এলজিইডি ব্যস্ত আছে।

এলজিইডির মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. নূরুন্নবী বলেন, প্লাবনের পানি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সঠিকভাবে সেতুটি মেরামত করতে পারছে না লোকজন।