
শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে। অর্ধশত বছর আগে নির্মিত সেতুটিকে বিপজ্জনক ঘোষণা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে ওই সতর্কতামূলক নির্দেশনা উপেক্ষা করে এ সেতুর ওপর দিয়ে চলাচল করছে ভারী যানবাহন। ফলে এটি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ষাটের দশকে বগাডুবি এলাকায় সোমেশ্বরী নদীর ওপর বগাডুবি সেতু নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৩৯ মিটার ও প্রস্থ ৭ মিটার। ওই সময় এ সড়কের ওপর দিয়ে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করত। নব্বইয়ের দশকের শুরুতে এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ফিডার রোড উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুর-ঝিনাইগাতী সড়কটি নতুন করে নির্মাণ করা হয়। এতে এ সড়কে যানবাহন চলাচল বেড়েছে। কিন্তু বগাডুবি সেতুটির কোনো উন্নয়নকাজ বা এটি নতুন করে নির্মিত হয়নি। বর্তমানে সেতুটি নড়বড়ে হয়ে পড়েছে এবং এর ওপর দিয়ে প্রতিদিন দুই শতাধিক যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
১ জুলাই সরেজমিনে দেখা গেছে, সেতুর পূর্ব পাশের রেলিংয়ের একাংশ ভেঙে গেছে। সেখানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। সেই বেড়াও হেলে পড়েছে। সওজের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়েছে। এতে লেখা আছে, ‘সাবধান বিধ্বস্ত সেতু! এর উপর দিয়ে ৫ টনের অধিক ওজনের মালামাল পরিবহন করা যাবে না’। তবে ওই নির্দেশনা না মেনে সেতুর ওপর দিয়ে ২০ টনের অধিক ওজনের মালামাল নিয়ে ট্রাক চলাচল করছে।
স্থানীয় লোকজন বলেন, বেশি ওজনের পণ্যবাহী ট্রাক চলাচল করায় যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটি ভেঙে পড়লে ঝিনাইগাতী উপজেলা সদর ও গারো পাহাড় এলাকার সঙ্গে শেরপুর জেলা সদর ও রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এ অবস্থায় এখানে নতুন সেতু নির্মাণ করতে হবে।
ঝিনাইগাতী সদরের বাসিন্দা গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল হলে বগাডুবি সেতুর নিচ নিয়ে প্রবল বেগে ঢলের পানি প্রবাহিত হয়। তাই এই মৌসুমে সেতুটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা বলেন, বগাডুবি সেতুটি নতুন করে নির্মাণের জন্য সওজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
জানতে চাইলে সওজ শেরপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, ৫ কোটি ২৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে বগাডুবি সেতুটি নতুন করে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এর দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে ৪৭ ও ১০ দশমিক ৩ মিটার। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী আগস্টে সেতুটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।