সেতু রক্ষার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী সোনাহাট সেতু রক্ষার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার জেলা প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
১৫ আগস্ট উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার নদে সৃষ্ট তীব্র স্রোতে সেতুর সংযোগ সড়কের চার মিটার ধসে যায়। এতে হুমকির মুখে পড়ে সেতুটি।
সেতুটি রক্ষার দাবিতে ভূরুঙ্গামারী উপজেলার শিক্ষার্থীদের ব্যানারে গতকাল সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আরিফুল ইসলাম, মিনারুল ইসলাম, আতিকুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।
কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ভূরুঙ্গামারীর শিক্ষার্থীরা সচেতন ছাত্রছাত্রীদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, সোনাহাট সেতু দিয়ে স্থলবন্দরের যানবাহন পারাপার হয়। এ ছাড়া প্রতিদিন এটির ওপর দিয়ে স্থলবন্দরসহ সাতটি ইউনিয়নের বহু মানুষ চলাচল করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে সংযোগ গড়ে তোলার জন্য এ সেতুটি নির্মিত হয়।