সেতু রেখে রাস্তা দিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস দুই আগে উদ্বোধন হয়েছে পদচারী–সেতুটি। সিলেট নগরের কোর্টপয়েন্টের এই সেতুটি ব্যবহারে যেন আগ্রহ কম পথচারীদের। তাই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন তাঁরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মাস দুই আগে উদ্বোধন হয়েছে পদচারী–সেতুটি। সিলেট নগরের কোর্টপয়েন্টের এই সেতুটি ব্যবহারে যেন আগ্রহ কম পথচারীদের। তাই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন তাঁরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

সোমবার বেলা তিনটা! সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারের পদচারী-সেতুটি ফাঁকা। সেতুর ওপর কোনো পথচারী নেই। কিন্তু নিচেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন অনেক লোক।
এই দৃশ্য শুধু ওই মুহূর্তের নয়। বলতে গেলে সারা দিনই এমন দৃশ্য চোখে পড়ে। খুব কমসংখ্যক লোকই পদচারী-সেতুটি ব্যবহার করেছেন। কিছু স্কুলশিক্ষার্থী ও মুষ্টিমেয় পথচারী ছাড়া আর কেউই সেতু ব্যবহার করেননি। সবাই ধেয়ে আসা গাড়ির সামনে দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন।
অথচ নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হয়েছে। সিলেট নগরের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থিত এই পদচারী-সেতু।

>* এটি সিলেটের প্রথম পদচারী–সেতু * গত ৩ সেপ্টেম্বএটির উদ্বোধন হয় * খুব কম লোকই সেতুটি ব্যবহার করেন

বন্দরবাজার এলাকার ব্যবসায়ী খায়রুল ইসলাম (৫১) বলেন, ব্যস্ততম হওয়ায় এলাকাটি সারাক্ষণই লোকে লোকারণ্য থাকে। প্রতিদিন হাজার হাজার রিকশা, অটোরিকশা, টেম্পো, প্রাইভেট কার, মিনি ট্রাক ও বাস চলাচল করে। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করে দেয় সিটি করপোরেশন।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সেতুর পাশে অবস্থান নিয়ে দেখা গেছে, এই সোয়া ঘণ্টার মধ্যে সেতুর নিচ দিয়ে দুই শতাধিক লোক দৌড়ে রাস্তা পার হয়েছেন। রাস্তায় সার্বক্ষণিক যান চলাচল ছিল। তার মধ্যেই পথচারীরা ঝুঁকি নিয়ে হুটহাট রাস্তা পার হন। এভাবে চলতে গিয়ে এই সময়ের মধ্যে অন্তত তিনজন পথচারীর সঙ্গে রিকশার এবং পাঁচজনের সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। একই সময়ে পদচারী-সেতুটি ব্যবহার করতে দেখা যায় মাত্র ১৬ জনকে।
দুপুর ১২টার দিকে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান আবু জাফর (৩৬)। এতে তাঁর ডান পা ও বাঁ হাত ছড়ে যায়। চাকরিজীবী আবু জাফর প্রথম আলোকে বলেন, ‘জীবনে আর কখনো ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পার হব না। আসলে সামান্য একটু সময় বাঁচাতে ওভারব্রিজে (পদচারী-সেতু) উঠিনি। তাই দুর্ঘটনা ঘটল। ভবিষ্যতে এমন ভুল হবে না। এটা আমার জন্য একটা উচিত শিক্ষা হয়েছে। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম।’
১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সিলেটের প্রথম পদচারী-সেতুটি নির্মাণ করা হয়েছে। চলতি বছরের ২১ মে স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণকাজ শেষে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩ সেপ্টেম্বর।
সেতুটির পাশেই দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়সহ কয়েকটি ব্যাংক, মাছ ও কাঁচাবাজার এবং বিপণিবিতানের অবস্থান। ফলে এই রাস্তা দিয়ে লোক চলাচলও নগরের অন্যান্য এলাকার চেয়ে বেশি থাকে।
দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী নাথ বলেন, ‘দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে স্কুলের বাচ্চারা যেন সেতুটি ব্যবহার করে, সেটি আমরা প্রায়ই তাদের বলে থাকি।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে পদচারী-সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি দিয়ে রাস্তা পারাপারে সবাইকে নিজে থেকেই সচেতন হতে হবে। নিজের জীবন বাঁচাতেই ঝুঁকিপূর্ণ উপায়ে পথচলা পরিহার করা উচিত। তবে সেতুর পাশের বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা ঠিকই সেতু দিয়ে পারাপার হচ্ছে। এতে ওই এলাকায় ছোটখাটো দুর্ঘটনার পরিমাণও আগের তুলনায় কমে যাচ্ছে।