সেতু সংস্কার হয়নি, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল

গাইবান্ধা-ফুলছড়ি সড়কের বোয়ালি সেতু দেবে যাওয়ার এক বছরেও সংস্কার হয়নি। সেখানে নির্মিত বাঁশের সাঁকোটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে লক্ষাধিক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুলাই রাতে ফুলছড়ির সিংড়িয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। সে সময় পানির তীব্র স্রোতে সদর উপজেলার বোয়ালি গ্রামের ওই সেতুটি দেবে দক্ষিণ দিকে হেলে যায়। পরে সেতুর দুই পাশে বালু ও মাটির বস্তা ফেলে চলাচলের উপযোগী করা হয়। কিন্তু দফায় দফায় বর্ষণে বালুর বস্তা সরে যায়। চলতি বছরের ১৯ জুন থেকে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়। পরে এলজিইডির উদ্যোগে সেখানে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। বর্তমানে সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু সেতুটি দেবে যাওয়ার পর এক বছর হয়ে যাচ্ছে। এরপর আর সেখানে নতুন সেতু নির্মিত হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেবে যাওয়া সেতুর পাশে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে লোকজনকে চলাচল করতে দেখা যায়। যাত্রী নামিয়ে রিকশা-ভ্যান ও অটোরিকশার চালকেরা সাঁকো পারাপার হচ্ছেন। এ সময় কয়েকজন অটোরিকশাচালক বলেন, এই সড়ক ছাড়া জেলা শহরে যাওয়ার বিকল্প রাস্তা নেই। কিন্তু সাঁকোটির প্রস্থ কম। ফলে কোনোমতে অটোরিকশা পারাপার করতে হচ্ছে। সাঁকোর ওপর দিয়ে মানুষ ও রিকশা-ভ্যান চলাচল করছে। কিন্তু কোনো ভারী যানবাহন চলাচল করতে পারছে না।
সেতুর ছবি তোলার সময় ফুলছড়ির কালিরবাজার গ্রামের রিকশাচালক জোব্বার মিয়া বলেন, ‘দুইজনে ধরি একশা পার করা নাগে। তাও পড়ি যাবার ভয় থাকে। ভাঙ্গা বিরিজের জন্যে ঠিকমতন ভাড়া পাওয়া যায় না।’ একই গ্রামের ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘কালিরবাজার থেকে জেলা শহরের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। জেলা শহর থেকে পাইকারি মালামাল কিনে ব্যবসা করছি। কিন্তু সেতুটি বিধ্বস্ত হওয়ায় ১০ কিলোমিটার ঘুরে কঞ্চিপাড়া হয়ে যেতে হচ্ছে। ফলে পরিবহন খরচ বেশি পড়ছে।’
বোয়ালি গ্রামের স্কুলশিক্ষক আবদুস সোবহান বলেন, সেতু বিধ্বস্ত হওয়ায় স্কুলগামী ছেলেমেয়েরা সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে বোয়ালি ইউপির চেয়ারম্যান মাজেদ উদ্দিন খান বলেন, নতুন সেতু নির্মাণে এলজিইডিকে জানানো হয়েছে। জানতে চাইলে সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘একটি নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। আশা করি, আগামী শুষ্ক মৌসুমে সেতুর কাজ শুরু হবে।’