সেতু হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতু না থাকায় এভাবেই ঝুঁকি নিয়ে দড়িটানা নৌকায় হালদা নদী পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে খুদে শিক্ষার্থীরা। ছবিটি ১৫ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের শীলেরহাট ঘাট থেকে তোলা l প্রথম আলো
সেতু না থাকায় এভাবেই ঝুঁকি নিয়ে দড়িটানা নৌকায় হালদা নদী পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে খুদে শিক্ষার্থীরা। ছবিটি ১৫ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের শীলেরহাট ঘাট থেকে তোলা l প্রথম আলো

তাওসীব রেজা, আনোয়ার হোসেন ও আসমা আকতার। তিনজনই ফটিকছড়ির রোসাংগিরী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি হালদা নদীর ওপারের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামে। প্রতিদিন টানা নৌকা দিয়ে হালদা পার হয়ে তাদের আসতে হয় এপারের বিদ্যালয়ে। বর্ষায় নদীতে পানি বেশি হলে বন্ধ থাকে বিদ্যালয়ে আসা। শুধু শিক্ষার্থীরা নয়, দুই উপজেলার চার গ্রামের বাসিন্দাদের নদী পারাপারে ভরসা টানা নৌকা।

ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নে হালদা নদীতে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামের লোকজন নৌকায় পার হয়ে নদীর এপার-ওপারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে আসা-যাওয়া করেন।

গ্রামবাসীর অভিযোগ, অতীতে জনপ্রতিনিধিরা একাধিকবার রোসাংগিরী শীলেরহাট ও বংশাল গ্রামের মাঝামাঝি স্থানে সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে আর কেউ খোঁজ নেয়নি।

সরেজমিনে দেখা যায়, নদী পারাপারের জন্য রয়েছে একটি মাত্র টানা নৌকা। এতে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় লোকজন জানান, বংশাল গ্রাম হাটহাজারী উপজেলায় হলেও এখানকার শিশুরা নদীর এপারের ফটিকছড়ির রোসাংগিরীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় লেখাপড়া করে। গ্রামের বাসিন্দারাও নানা প্রয়োজনে যাতায়াত করেন রোসাংগিরী হয়ে। কারণ, বংশাল গ্রাম একেবারে হাটহাজারীর সীমান্তে। আবার ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ও শীলেরহাট গ্রামের লোকজন নানা প্রয়োজনে যাতায়াত করেন বংশাল গ্রামে। শুষ্ক মৌসুমে পানি কম থাকলে এসব গ্রামের লোকজন হেঁটে নদী পার হন। প্রায় কয়েক বছর ধরে গ্রীষ্ম মৌসুমে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নদীর ওপর একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হয়। বর্ষা এলেই এটি ভেঙে ফেলা হয়। তখন নৌকায় শত শত লোকজন নিয়মিত যাতায়াত করেন ঝুঁকি নিয়ে।

স্থানীয় লোকজনের দা​িব, রোসাংগিরী ও ফরহাদাবাদের বংশাল গ্রামের মাঝখানে একটি সেতু হলে তাঁদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি যোগাযোগ সহজ হতো।

রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিম উদ্দিন বলেন, এখানে একটি সেতু নির্মাণ জরুরি। বর্ষায় উজান থেকে যখন পাহাড়ি ঢল নেমে আসে, তখন নদী ফুলে-ফেঁপে ওঠে। শিশুরা ভয়ে নৌকায় পারাপার হয় না। তাই এ সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে যায়। তিনি জানান, ইতিপূর্বে নৌকায় পারাপারের সময় একাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

রোসাংগিরী গ্রামের বাসিন্দা ও নাজিরহাট বাজারের ব্যবসায়ী শম্ভু কুমার শীল বলেন, নির্বাচন এলে সবাই এখানে সেতু করে দেওয়ার কথা বলেন। পরে তাঁরা সব ভুলে যান। যুগের পর যুগ ধরে চলছে এ অবস্থা।

বংশাল গ্রামের মো. জালাল উদ্দিন বলেন, গ্রামের অভ্যন্তরীণ রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়। উন্নয়নের ছোঁয়া এসব গ্রামে লাগেনি বললেই চলে। এখানে একটি সেতু হলে এলাকার লোকজনের মানোন্নয়ন হবে। শিক্ষায় উন্নতি হবে।

রোসাংগিরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম শোয়েব আল সালেহীন বলেন, শীলেরহাট ও বংশাল গ্রামের মাঝামাঝি স্থানে সেতু নির্মাণের দাবিটি যৌক্তিক। ফটিকছড়ি উপজেলার সাংসদ ও চেয়ারম্যানও এলাকাবাসীকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বলেন, এলাকার লোকজনের চাহিদার পরিপ্রেক্ষিতে এখানে একটি সেতু নির্মাণের যৌক্তিক দাবি অবিলম্বে বাস্তবায়ন করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, সেতুর প্রস্তাব পেলে সম্ভাব্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।