সেতু হুমকিতে ফেলে নদী থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে যমুনেশ্বরী নদীর একটি সেতুর পাশ থেকে তিন ব্যবসায়ী অবৈধভাবে বালু তুলছেন। তাঁদের দাবি, নদীর যে স্থান থেকে বালু তোলা হচ্ছে ওই জমি একসময় তাঁদের ছিল। ভাঙনে তা নদীতে চলে গেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার বালুয়া মসিমপুর ইউনিয়নের চানটারি গ্রামের সাইফুল ইসলাম, হাফিজুর রহমান ও মাহাবুর ইসলাম কয়েক মাস ধরে নদীর ওপর নির্মিত সেতুর প্রায় ৩০০ গজ দূর থেকে বালু উত্তোলন করছেন। তাঁরা একটি শ্যালোমেশিন দিয়ে দিন-রাতের অধিকাংশ সময় বালু তুলেছেন।বালুমহাল ইজারা প্রদান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইনের ৪-এর খ ধারায় উল্লেখ আছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ।এলাকাবাসীর অভিযোগ, সেতুর অদূর থেকে বালু উত্তোলনের কারণে এর তলদেশের মাটি সরে গিয়ে এটি হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আশপাশের তিনটি গ্রামের লোকজনের আবাদি জমিও হুমকির মুখে পড়তে পারে।উত্তোলন করা বালু নদীর পাশে একটি খালি জায়গায় রাখা হয় স্তূপ করে। পরে তা বিক্রি করা হয়। প্রতি ট্রাক বালু ৭০০ এবং প্রতি পাওয়ার টিলার ১৫০ টাকা দরে বিক্রি করা হয়।বালু উত্তোলনকারী সাইফুল ইসলাম বলেন, ‘যে স্থান থেকে এই বালু তুলছি, এর আশপাশের আবাদি জমিগুলো আমারই। এখানে তেমন কোনো আবাদ হয় না। তাই বালু তুলছি।’ অপর বালু উত্তোলনকারী হাফিজুর রহমান বলেন, ‘নদীর মাঝখান থেকে বালু তুলছি। এতে কারও কোনো ক্ষতি তো করছি না।’ নদীর যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, সেই স্থানটুকু একসময় তাঁর ছিল এবং নদীভাঙনে তা বিলীন হয়। জায়গাটুকু নিজের দাবি করে হাফিজুর রহমান আরও বলেন, ‘এর আশপাশের জায়গা আমাদের। হয়তো তা-ও একসময় ভেঙে যাবে।’এদিকে এই সেতুর পাশের গ্রাম আটকুনিয়া গ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, ‘হামরা তো দেখি আসতছি কয়েক মাস থাকি বালু তুলি আসতছে। আর বালু তুলি ট্রাক্টর করি নিয়া যাওয়ার সময় গ্রামের রাস্তাগুলোও ভাঙি যাবার উপক্রম হইছে।’বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈনুল হক বলেন, এর আগেও তাঁরা নদী থেকে বালু তুলেছেন। প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আবার তুলছেন। এ ব্যাপারে নিষেধ করলেও তাঁরা শুনছেন না।