সেতু হয়নি তাই ভোটে আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের একটি রাস্তা দীর্ঘদিনেও পাকা করা হয়নি। এ ছাড়া একটি সাঁকোর জায়গায় দীর্ঘদিনে সেতু নির্মাণ হয়নি। তাই আজ অনুষ্ঠেয় এ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রার্থীদের তোড়জোড় থাকলেও দুটি গ্রামের ভোটারের আগ্রহ কম।
৪ নম্বর ওয়ার্ডের চক্রতলা থেকে ৫ নম্বর ওয়ার্ডের মনগৌর হয়ে একটি কাঁচা সড়ক মারুকা গ্রামের দিকে গেছে। চক্রতলা ও মনগৌর গ্রামের বাসিন্দারা সড়কটি ব্যবহার করে। আর মনগৌর এলাকায় একটি খালের ওপর এ দুটি গ্রামের সংযোগ স্থাপনকারী একটি সাঁকো রয়েছে। এখানে দির্ঘদিনেও সেতু নির্মাণ করা হয়নি।
গত বৃহস্পতিবার চক্রতলা গ্রামে গেলে গ্রামের বাসিন্দা মোজাফ্ফর হোসেন প্রধান বলেন, ‘আমরা কেবল মেম্বার-চেয়ারম্যানদের ভোটই দিয়ে যাচ্ছি। বৃষ্টি হলে এ কাঁচা সড়কটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। চলাচলের জন্য কোনো সেতু নেই। তাই নির্বাচন নিয়ে আমাদের তেমন মাথাব্যথাও নেই।’
মারুকা ইউপির চেয়ারম্যান এ এস এম শাহাজাহান ভূঁইয়া বলেন, সেতু নির্মাণের ব্যাপারে কার্যাদেশ হয়েছে।