সেতু হয়েছে, দুর্ভোগ কমেনি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর চাঁদখানা সারোভাসা ঘাটে পাকা সেতু হওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাত গ্রামের লোকজন। ভেবেছিলেন, এখন উপজেলা সদরে যেতে তাঁদের আর দীর্ঘ পথ ঘুরতে হবে না। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না।
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালের এপ্রিলে ১২০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ৩ কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৪৭৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সেতু নির্মাণের কাজ পায় সৈয়দপুর উপজেলার জয়নাল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৪ সালের জানুয়ারিতে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কিন্তু এটি শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এ পর্যন্ত সংযোগ সড়কটি আর করা হয়নি। ফলে চাঁদখানা ও সিঙ্গেরগাড়ী ইউনিয়নের ৬০ হাজারের বেশি লোক এখনো দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতুর পূর্ব পাড়ে চাঁদখানা ও সিঙ্গেরগাড়ী ইউনিয়নের চাঁদখানা, সারোভাসা, মাঝাপাড়া, মাছপাড়া, ছয়আনি, বড়বোলা, ডাঙ্গাবাড়ি গ্রাম। এসব গ্রামের বাসিন্দারা চার কিলোমিটার ঘুরে তারাগঞ্জের বালাপাড়া হয়ে তারাগঞ্জ সদর দিয়ে কিশোরগঞ্জ সদরে যাতায়াত করেন। এসব লোকের আশা ছিল, সেতুটি হলে সেটি পাড়ি দিয়ে সরাসরি তারাগঞ্জ সদর থেকে কিশোরগঞ্জ যেতে পারবেন তাঁরা। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাঁদের আগের মতোই দীর্ঘ পথ ঘুরে তারাগঞ্জ সদর হয়ে কিশোরগঞ্জ যেতে হচ্ছে।
ছয়আনি গ্রামের মনির হোসেন বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তি রয়েই গেছে। এলাকাবাসী মাটি ফেলে সেতুটিতে ওঠার রাস্তা বানালেও তা দিয়ে গাড়িতে কৃষিপণ্য বা রোগী পারাপার করা যায় না। মাঝখান থেকে ওই ঘাট দিয়ে নৌকায় যে পণ্য পরিবহন করা যেত, তাও বন্ধ হয়ে গেছে।
মাছপাড়া গ্রামের মছের উদ্দিন বলেন, ‘হামরা তো একবার এটে কোনা ব্রিজ বানবার জন্যে কান্নাকাটি করছি। এখন ফির কাইনবার নাগছি একনার হাত থাকি বাঁচিবার জন্যে।’
চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, ‘ঠিকাদারকে বহুবার অনুরোধ করেছি, তিনি কথাও দিয়েছেন। কিন্তু এখনো সংযোগ সড়কের কাজ শেষ না করায় আমাকে প্রতিনিয়ত জনগণের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।’
এ বিষয়ে কথা বলার জন্য সেতুর ঠিকাদার জয়নাল ট্রেডার্সের মালিক জয়নাল আবেদীনের মুঠোফোনে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী কেরামত আলী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। খোঁজ নিয়ে ওই সেতুর সংযোগ সড়ক ঠিকাদারকে তৈরি করতে বলব।’