সেতু হয়েছে, হয়নি সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার ছয়টি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু সেতু নির্মাণ করা হলেও এখনো সংযোগ সড়ক না হওয়ায় মানুষের দুর্ভোগ লাঘব হয়নি।
২০১২-১৩ অর্থবছরে জারুলছড়ি ছড়ার ওপর ৩১ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়।
উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে জারুলছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এলাকার লোকজনকে আগের মতো ছড়া দিয়েই চলাচল করতে হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় এলাকার লোকজনকে পণ্য মাথায় করে ছড়া পার হতে হয়। নন্দলাল কার্বারী পাড়া, নিরদা রঞ্জন কার্বারী পাড়া, মাইচ্যা পাড়া, দজর পাড়া, মঙ্গল বিকাশ কার্বারী পাড়া ও রবিচন্দ্র কার্বারী পাড়ার পাঁচ শতাধিক পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নতুন চন্দ্র কার্বারী পাড়ার নতুন চন্দ্র চাকমা, নিরদা রঞ্জন কার্বারী পাড়ার বুদ্ধ রঞ্জন চাকমা, তপন বিকাশ চাকমা, কার্বারী (গ্রামপ্রধান) অনন্ত চাকমা ও বীরেন্দ্র কার্বারী পাড়ার সূচনা দেবী চাকমা ও রবীন্দ্র চাকমা বলেন, সেতুটি নির্মাণ হওয়ার আগে তাঁদের যে দুর্ভোগ ছিল, তা এখনো রয়ে গেছে। তাহলে সেতু হয়ে কী লাভ হলো? তাঁরা বলেন, সংযোগ সড়ক না থাকায় মালামাল নিয়ে সেতু পার হওয়া যায় না। জমিতে উৎপাদিত পণ্য মাথায় নিয়ে ছড়ার পানির ওপর দিয়েই পার হতে হয়। সড়ক না হলে সেতুটি কোনো কাজে আসবে না। সড়ক হলে তাঁদের চলাচলে আর দুর্ভোগ থাকবে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিন বিকাশ চাকমা বলেন, শুষ্ক মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে ছয়টি গ্রামের মানুষ একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন বলেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।