সেতুগুলো এখন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় মেরামতের অভাবে খাগড়াছড়ি জেলায় ৭০টির মতো বেইলি সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট কতৃপক্ষ বলছে এ বিষয়ে মন্ত্রনালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় মেরামত করা যাচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি-রামগড় সড়কের গুইমারা, বাইল্যাছড়ি, ব্যাঙমারা, নাকাপা, সোনাইপুল, বাগানবাজার ও আলুটিলাসংলগ্ন সেতুগুলোর ডেকিংক্লাম, ট্রানজাম ও প্যানেল মরিচা ধরে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। জরাজীর্ণ সেতুগুলোর সামনে লাল পতাকা উড়িয়ে ও সাইনবোর্ড লাগিয়ে বিপদ-সংকেত দেওয়া হয়েছে। পাঁচ-ছয় টন বহন করার ক্ষমতাসম্পন্ন এসব বেইলি সেতু দিয়ে প্রতিনিয়ত ২০ থেকে ২৫ টন ওজনের মালবোঝাই ট্রাক পারাপার হচ্ছে। গত ২৩ ডিসেম্বর খাগড়াছড়ি-রামগড় সড়কের থলিবাড়ি এলাকায় বেইলি সেতু ভেঙে মালবোঝাই ট্রাক আটকে প্রায় ২০ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এই সড়কে নিয়মিত চলাচলকারী বাসযাত্রী হেয়াকো বনানী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. ফারুকুর রহমান বলেন, ‘সেতু পার হওয়ার সময় কটমট আওয়াজে পুরো গাড়ি কেঁপে উঠলে ভয়ে শরীর কাঁটা দিয়ে ওঠে। তখন হাত-পা অবশ হওয়ার মতো অবস্থা হয়।’খাগড়াছড়ি-ফেনী রুটের বাস মালিক সমিতির সভাপতি শরিফুল এনাম চৌধুরী বলেন, ‘জরুরি প্রয়োজনে প্রায় ৪০ বছর আগে সেতুগুলো নির্মাণ করা হয়। তখন যানবাহন ও লোকসংখ্যা খুবই কম ছিল। বর্তমানে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে প্রচুর। কিন্তু সড়ক ও সেতুগুলোর কোনো উন্নয়ন হয়নি। এগুলো সংস্কার করে দ্রুত স্থায়ী পাকা সেতু নির্মাণ করা উচিত।’ সওজ বিভাগ খাগড়াছড়ির উপবিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘এসব বেইলি সেতুর মেয়াদ বড়জোর ১৪-১৫ বছর। কিন্তু তিন যুগেরও বেশি সময় ধরে এগুলো ব্যবহূত হওয়ায় নাট-বল্টু খুলে পাটাতন উঠে গিয়ে বিপজ্জনক সেতুতে পরিণত হয়েছে।’ এ প্রসঙ্গে সওজ বিভাগ, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ভালোভাবে মেরামতকাজ না হওয়ায় সেতুগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জেলায় ৭০টির মতো বেইলি সেতু পুরোপুরি ঝুঁকিপূর্ণ। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সাতটি বড় সেতু ও খাগড়াছড়ি-ফেনী সড়কে ১৮টি এবং বিভিন্ন উপজেলা সড়কে ৪৫টি ছোট সেতু নির্মাণ করতে যোগাযোগ মন্ত্রণালয়ে জরুরি চিঠি দিয়েছি।’