সেতুগুলো ভেঙে নিচ্ছেন তাঁরা
ভোলার মনপুরায় জনগণের ব্যবহূত চারটি সেতু ভেঙে নিচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সেতুগুলো পরিত্যক্ত, কিন্তু বিক্রির জন্য নিলাম ডাকা হয়নি। কিন্তু নেতারা বলছেন, কর্তৃপক্ষ তাঁদের কাছে নিলামে বিক্রি করেছে। প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে এবং মনপুরা ঊপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নিজামউদ্দিন বলেন, মনপুরা ইউনিয়নের সীতাকুণ্ডু গ্রামের সাইক্লোন শেল্টারের পাশের লোহার সেতুটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। কিন্তু মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের ভাই যুবলীগের কর্মী মনিরুল ইসলাম হাওলাদার তাঁর লোকজন দিয়ে সেতুটি ভেঙে নেন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে ও উপজেলা নির্বাহীকে জানালে তাঁরা নিলামের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।এ ছাড়া মনপুরা উপজেলার হাজীরহাট থেকে উত্তরে নায়েবের হাট যেতে তিনটি সেতু রয়েছে। একটি চর যতিন লতিফ ভূঁইয়ার বাড়ির সামনে, দ্বিতীয়টি সফিউল্যা মিয়ার বাড়ির সামনে, তৃতীয়টি দাশের হাট আদর্শ গ্রামের পাশে। এ সেতু তিনটির ওপর দিয়ে পানি উন্নয়ন বোর্ড বাঁধ টেনে নিয়ে গেলেও জনগণ সেতু তিনটি ব্যবহার করছে। মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ বলেন, যদি ভাঙার প্রয়োজন হয় তবে সরকার দরপত্র দিয়ে নিলামে বিক্রি করবে। কিন্তু তা না করে যুবলীগের সদস্য আলমগীর হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন সাগর, বাবুল মাতব্বর, রিপন ও ইলিয়াছ জোরপূর্বক সেতুগুলো ভেঙে নিচ্ছেন। যুবলীগের কর্মী মনিরুল ইসলাম হাওলাদার ও যুবলীগের সদস্য আলমগীর হোসেন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, তাঁরা নিলামে সংশ্লিষ্ট অফিস থেকে সেতুগুলো ভাঙার অনুমতি পেয়েছেন। এ জন্য ভাঙছেন। নিলাম দিয়েছে কি দেয়নি, তা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলতে পারবে। মনপুরা উপজেলা চেয়ারম্যান নজির আহম্মেদ মিয়া বলেন, ‘সেতুগুলো ভেঙে নিলে জনগণ ভোগান্তিতে পড়বে। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহীকে জানিয়েছি। তাঁরা কোনো ব্যবস্থা নিয়েছেন কি না জানি না।’ মনপুরা উপজেলা প্রকৌশলী আবদুল হালিম বলেন, ‘চারটি সেতুর মধ্যে তিনটি আমাদের। বাকি একটি ত্রাণ বিভাগের। ওই তিনটি সেতু লোকজন ব্যবহার করছে না। বেশির ভাগই পরিত্যক্ত অবস্থায় আছে। তবে ওইগুলো ভাঙার জন্য নিলাম ডাকা হয়নি। নিলামের আগে কেউ ভাঙলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে জানিয়েছি।’ একই কথা বলেন, মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সিদ্দিকী। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, ‘সেতুগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দাখিল করেনি। তার পরও মৌখিকভাবে অভিযোগ পেয়ে সেতু ভাঙা কার্যক্রম বন্ধ রেখেছি।’