সেতুটি ভেঙে পড়াই বাকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও ফটিকছড়ির নাজিরহাটের হালদা নদীর পুরোনো সেতুটির সংস্কার হয়নি। সম্প্রতি সেতুটির পূর্ব পাশ দেবে যাওয়ায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
নয় বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও ফটিকছড়ির নাজিরহাটের হালদা নদীর পুরোনো সেতুটির সংস্কার হয়নি। সম্প্রতি সেতুটির পূর্ব পাশ দেবে যাওয়ায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

ফটিকছড়ির নাজিরহাটের হালদা নদীর ওপর নির্মিত পুরোনো সেতুটি ২০০৮ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। এরপর কেটে গেছে আট বছর। সেতুটি আর মেরামত হয়নি। সম্প্রতি সেতুর পূর্ব পাশ দেবে গিয়ে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।
সরেজমিনে দেখা যায়, সেতুর নিচে কয়েকটি স্থানে লোহার খুঁটি নড়বড়ে হয়ে গেছে। মানুষ চলাচল করলেও এটি দোলে। তা ছাড়া খুঁটির নিচের মাটিও সরে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায়ও লোকজন চলাচল করছেন।
দক্ষিণ ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার উত্তর অঞ্চলের লোকজন এই সেতু দিয়ে নাজিরহাট বাজার হয়ে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। এ ছাড়া হালদার পূর্ব পার থেকে সেতুটি দিয়ে যাতায়াত করে নাজিরহাট কলেজের হাজারো শিক্ষার্থী।
হাটহাজারীর মন্দাকিনী এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক টিপু চৌধুরী বলেন, ‘সেতুটিতে হেঁটে চলাচলও বন্ধ হয়ে গেলে আমরা বিপাকে পড়ব। তখন প্রায় দুই কিলোমিটার ঘুরে নতুন সেতু দিয়ে চলাচল করতে হবে।’

সেতুর ভাঙা রেলিং। ছবিটি ২ এপ্রিল তোলা l প্রথম আলো
সেতুর ভাঙা রেলিং। ছবিটি ২ এপ্রিল তোলা l প্রথম আলো

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় বলেন, ‘সেতুটির দেবে যাওয়া অংশ দেখে মনে হচ্ছে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই ২ এপ্রিল থেকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেতুর দুই পাশে লোহার খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।’
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১৯৩০ সালে নির্মিত হয় সেতুটি। ১৯৯৪ সালে সড়ক ও জনপথ বিভাগ প্রথমবার এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর ২০০৫ সালে সেতু মেরামত করা হয়। কিন্তু তিন বছর না যেতেই ২০০৮ সালে আবার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেতু। ওই সময় সেতুর মুখে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এখন দেবে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
নাজিরহাট বাজারের ব্যবসায়ী মো. নাছির উদ্দিন বলেন, ‘সেতুটির ওপর যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। কারণ হালদার পশ্চিম পারের লোকজন সেতুটি পার হয়ে বাজারে এসে মালামাল নিয়ে যেতেন। কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের ফটিকছড়ি উপজেলার উপবিভাগীয় প্রকৌশলী শাহী আরেফিন বলেন, ‘এ সেতু এখন আর মেরামত করার মতো অবস্থায় নেই। নতুন করে সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছি। বরাদ্দ পেলে সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।’