ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতরা খালের ওপরে হিমানন্দকাঠি সেতুর কাজ প্রায় সাড়ে পাঁচ বছরেও শেষ হয়নি। এ কারণে ঝালকাঠির লোকজনকে ৫৬ কিলোমিটার পথ অতিক্রম করে বরিশাল হয়ে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) যেতে হয়।অথচ সেতুটির কাজ শেষ হলে ঝালকাঠি থেকে নেছারাবাদের দূরত্ব হবে ২৫ কিলোমিটার। সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় অতিরিক্ত ৩১ কিলোমিটার পথ ঘুরে ঝালকাঠি ও স্বরূপকাঠির মানুষকে যাতায়াত করতে হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্প হিসেবে বরিশাল-কড়াপুর-নবগ্রাম-স্বরূপকাঠি সড়কের ২১তম কিলোমিটারে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের বেতরা খালের ওপর দুই কোটি ১৬ লাখ টাকায় হিমানন্দকাঠি সেতু নির্মাণের জন্য ২০০৭ সালের ৩১ ডিসেম্বর ঠিকাদার মাহফুজ খানকে কার্যাদেশ দেওয়া হয়। ২০০৮ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে ৩৬ দশমিক ৬ মিটার দৈর্ঘ্যে ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এই সেতুটির কাজ শেষ না করে খালের দুই পাড়ে দুটি ইমবার্কমেন্টের (গাইড ওয়াল) কাজ শেষ করে ৯০ লাখ টাকার বিল তুলে নেন। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। ২০০৮ সালের জুলাই থেকে কাজ বন্ধ রয়েছে।ঝালকাঠি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ জানান, এখন ঝালকাঠির মানুষকে ৫৬ কিলোমিটার পথ অতিক্রম করে বরিশাল হয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) যেতে হয়। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা কলেজের উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী রিয়াজ আহম্মেদ বলে, ‘কুড়িয়ানা থেকে বরিশাল যেতে টেম্পো ও গাড়িতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। আর ঝালকাঠির হিমানন্দকাঠি হয়ে বরিশাল যেতে সময় লাগে এক ঘণ্টা। কিন্তু হিমানন্দকাঠিতে সেতু নির্মাণ না হওয়ায় আমরা এখন সরাসরি বরিশাল যেতে পারি না। একটি সেতুর জন্য পিরোজপুর ও ঝালকাঠির মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।’নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ জানান, সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় ঝালকাঠি-নেছারাবাদ সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে না। লোকজনকে বাঁশের সাঁকো পার হয়ে টেম্পো অথবা ভাড়ায় মোটরসাইকেলে স্বরূপকাঠি ও বরিশাল যেতে হচ্ছে। অথচ সেতু নির্মাণকাজ শেষ হলে পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল যোগাযোগ সহজ হতো; সময়ও লাগত অর্ধেক। সওজ ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া জানান, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদার যতটুকু কাজ করেছেন, এর বিল দেওয়া হয়েছে। হিমানন্দকাঠি সেতুর কাজ শেষ করার জন্য তিন কোটি ২৩ লাখ টাকার একটি প্রকল্পের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু হবে এবং দুই বছরের মধ্যে কাজ শেষ হবে।