সেতুটির দায়িত্ব নিচ্ছে না কেউ, ভুগছেন এলাকাবাসী

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জের দূরত্ব মাত্র সাত কিলোমিটার। কিন্তু এলাকাবাসীকে ঘুরতে হয় প্রায় ৪০ কিলোমিটার। যারা এ পথ ঘুরতে চায় না, তাদের সাত কিলোমিটার সড়কের একটি পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তিন সংস্থার মধ্যে সেতুটি কার আওতাধীন, তা স্পষ্ট না হওয়ায় কেউই দায়িত্ব নিচ্ছে না তা মেরামতের।
নীলফামারী সড়ক যোগাযোগ ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী বলেন, সেতুটি পঞ্চগড় জেলার। তবে ওই রাস্তার গুরুত্বের কথা স্বীকার করে তিনি বলেন, ‘বরাদ্দ পাওয়া গেলে আমরা যেই করি না কেন, করা যাবে।’
পঞ্চগড় সড়ক যোগাযোগ ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মোমিনুল ইসলাম মৃধা বলেন, ‘আমার জানা মতে, ওই সড়কটি নীলফামারীর, পঞ্চগড়ের অধীনে নয়। এলজিইডিরও হতে পারে।’
পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুবীর কুমার সাহা বলেন, ওই সড়কটি এলজিইডির নয়। সড়ক যোগাযোগ ও সেতু বিভাগের।
এই ঠেলাঠেলিতে দীর্ঘদিনেও মেরামত হচ্ছে না সেতুটি। এতে ওই পথে চলাচলকারী যাত্রীরা যেমন হয়রানি হচ্ছে তেমনি চিলাহাটি ও ভাউলাগঞ্জ অঞ্চলের কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ঝিমিয়ে পড়েছে এলাকার ব্যবসা-বাণিজ্য।
সম্প্রতি অটোরিকশায় ওই পুরোনো সেতু পাড়ি দেওয়ার সময় কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা, শ্রাবন্তি রানী, সুজন মাহমুদ ও আবদুল্লাহ আল মাসুদের সঙ্গে। তাঁরা পঞ্চগড়, আটোয়ারী, তেঁতুলিয়া থেকে এই পথে চিলাহাটি রেলস্টেশনে এসে আন্তনগর তিতুমীর এক্সপ্রেসে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করেন। এ সেতুর ওপর দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বোঝার পরও সময় বাঁচাতে তাঁরা এ পথ বেছে নেন বলে জানান।
স্থানীয় ব্যক্তিরা জানান, পঞ্চগড়, দেবীগঞ্জ, বাংলাবান্ধা, তেঁতুলিয়া, বোদাসহ ওই অঞ্চলের লক্ষাধিক মানুষ এ পথ পাড়ি দিয়ে চিলাহাটি রেলস্টেশন থেকে ট্রেনে সরাসরি ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। দেবীগঞ্জের তিস্তা পাড়া গ্রামের জমসেদ আলী (৫৫) বলেন, এ পথে চিলাহাটি রেলস্টেশনে যাওয়ার প্রধান সমস্যা তিস্তা পাড়ার লোহার সেতুটি। এটা মেরামত করা গেলে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এখন এ অঞ্চলের মানুষ বড়জোর ভ্যান-রিকশা কিংবা অটোরিকশায় ঝুঁকিপূর্ণ সেতুটি পাড়ি দিয়ে চিলাহাটি যাতায়াত করছে। বাস, মাইক্রোবাসের মতো ভারী যানবাহনগুলোকে ডোমার-দেবীগঞ্জ হয়ে অতিরিক্ত প্রায় ৪০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে।
ডোমারের ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, নীলফামারীর চিলাহাটি ও ভাউলাগঞ্জ একসময় প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র ছিল। এখন যোগাযোগব্যবস্থার কারণে দূর-দূরান্তের ব্যবসায়ীরা এখানে আসতে পারছেন না। এতে স্থানীয় কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, সাত কিলোমিটার সড়কটি পাকা। কিন্তু এ সড়কের শতবর্ষী পুরোনো সেতু দুই জেলার রশি টানাটানিতে হচ্ছে না। এতে এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগছে না।
দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কটি একটিমাত্র সেতুর কারণে যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। সেতুটি নির্মাণ খুবই জরুরি।’