
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ও বরুমচড়া ইউনিয়নের মাঝামাঝি শাহ মোহছেন আউলিয়া খালের ওপর স্থাপিত সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। এই দুই ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম লাল মোহাম্মদিয়া সড়কে এ সেতুটির অবস্থান। চলতি বছরের বর্ষায় সেতুটির দুপাশের মাটি ভেঙে খালে বিলীন হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সেতুতে উঠা-নামার জন্য বাঁশের সাঁকো দিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে বেহাল হয়ে পড়েছে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের লাল মোহাম্মদিয়া সড়কটিও।
স্থানীয়রা জানান, জুঁইদণ্ডী ও বরুমচড়া ইউনিয়নের মধ্যকার লাল মোহাম্মদিয়া সড়ক দিয়ে ইউনিয়নের বাসিন্দারা চলাচল করে। এ সড়ক দিয়ে অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচল করত। জুঁইদণ্ডী ইউনিয়নের বাসিন্দারা এ সড়ক হয়ে বরুমচড়া ভূমি কার্যালয় ও বারখাইন ইউনিয়নের সরকারহাটের পশুর বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। বরুমচড়ার বাসিন্দারা সড়কটি দিয়ে জুঁইদণ্ডী হয়ে বটতলী রুস্তমহাট যায়। কিন্তু গত বর্ষায় ইটের এ সড়কটির দুই কিলোমিটার খুব ক্ষতিগ্রস্ত হয়। সড়কের ওপর দিয়ে বৃষ্টি ও শঙ্খের জোয়ারের পানি ওঠা-নামা করায় ইটগুলো ক্ষয়ে গেছে। পানি চলাচল করায় সড়কের একমাত্র সেতুটির উভয় পাশ থেকে মাটি সরে গেছে। এ কারণে গত সেপ্টেম্বর থেকে সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে দুই ইউনিয়নের হাজারো বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২০০৮ সালের দিকে বরুমচড়া ইউনিয়ন পরিষদ (সওদাগর দীঘিরপাড়) থেকে খুরুস্কুল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটিতে ইট বিছানো হয় এবং ওই সড়কের সেতুটি পাকা করা হয়। এরপর থেকে ওই সড়ক ব্যবহার করে জুঁইদণ্ডী ও বরুমচড়া ইউনিয়নের বাসিন্দারা এ চলাচল করছিল।
মাসুদ গণি নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, যানবাহন না চললেও যাতে লোকজন যাতে চলাচল করতে পারে সে কারণে কয়েকজন মিলে দুপাশে বাঁশের সাঁকো দিয়েছেন।
লাল মোহাম্মদিয়া সড়কটির বরুমচড়া ইউনিয়ন অংশে দেড় কিলোমিটার ও জুঁইদণ্ডী ইউনিয়ন অংশের আধা কিলোমিটার সড়কের ইট এবড়োখেবড়ো হয়ে গেছে। ইটের মাঝখান থেকে বালু ও মাটি সরে গেছে। সড়কের মাঝখান দিয়ে হেঁটে চলাচল করাও কষ্টকর। পানি ওঠা-নামা করায় সড়কের সেতুটির উভয় পাশের মাটি সরে গেছে। পাশাপাশি সেতুটিও কিছুটা হেলে পড়েছে। সেতুর দুপাশে পারাপারের জন্য বাঁশ দিয়ে ছোট দুটি সাঁকো দেওয়া হয়েছে।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সড়ক ও সেতু সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, লাল মোহাম্মদিয়া সড়ক ও সেতু চলাচলের অযোগ্য হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।