সেতুতে ওঠানো-নামানো হয় যাত্রী, তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বাবুবাজার অংশে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো–নামানো হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বাবুবাজার অংশে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো–নামানো হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। সেতুর দুই প্রান্তে ও মাঝে দীর্ঘক্ষণ বাস রেখে যাত্রী ওঠানো-নামানোর কাজ করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

গতকাল রোববার বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, কেরানীগঞ্জের আগানগর বাজার এলাকায় সেতুর সংযোগ সিঁড়ির কাছ থেকে নয়াবাজার প্রান্ত পর্যন্ত যানবাহন থেমে থেমে চলছে। সেতুর বাবুবাজার প্রান্তে ১৫-২০টি কোম্পানির বাস রাস্তা বন্ধ করে মাওয়া ঘাটের যাত্রী বোঝাই করছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

কেরানীগঞ্জ থেকে আসা দিশারী পরিবহনের যাত্রী ইমরান হোসেন বলেন, সেতুতে ট্রাফিক পুলিশ আছে, কিন্তু লাভ নেই। বাবুবাজার সিঁড়ির কাছে সেতুতে বাস রেখে যাত্রী ওঠানো-নামানোর কাজ করা হয়। এখানে সব সময় যানজট লেগেই থাকে।

মাওয়া থেকে আসা ডিএম পরিবহনের যাত্রী সুরুজ মিয়া বলেন, মাওয়া থেকে ৫০ মিনিটে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছে আসা যায়। আর সেতু পার হতে সময় লাগার কথা তিন মিনিট। কিন্তু যানজটের কারণে কেরানীগঞ্জের কদমতলী থেকে নয়াবাজারে আসতে প্রায় ৯০ মিনিট লেগে গেছে।

সেতুর মধ্যভাগের একটি টংঘরে কর্মরত বিআরটিএর কর্মচারী মো. মামুন বলেন, ‘নিরাপত্তার জন্য সেতুতে আমরা তিনজন পর্যায়ক্রমে ডিউটি (দায়িত্ব পালন) করি। বাবুবাজার এলাকায় সিঁড়ির কাছে সেতুতে বাস থামিয়ে যাত্রী নিয়ে যায় পরিবহনগুলো। নিষেধ করলেও পরিবহনের লোকজন শোনে না।’

মাওয়াগামী আনন্দ পরিবহনের চালক বেলাল হোসেন বলেন, ‘আমরা সেতুর মাঝখানে বাবুবাজার এলাকা থেকে যাত্রী নিচ্ছি না। বরং যাত্রীরাই বাস থামিয়ে ওঠার চেষ্টা করেন।’

ডিএমপি কোতোয়ালি জোনের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবদুর রহিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সারা সপ্তাহ সেতুতে যানজট থাকে না। রোববার সপ্তাহের প্রথম দিন অনেক সময় যানজট লেগে যায়। আজ (গতকাল) আমিসহ একাধিক ট্রাফিক পুলিশ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সেতুতে যানজট নিরসনের দায়িত্বে ছিলাম। যানবাহন যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সে জন্য পরিবহনের চালকদের অনুরোধ করা হয়। কিন্তু সেতুতে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে পারিনি। তারা (পরিবহনশ্রমিক) যদি আন্তরিক না হয়, তবে সেতুতে যানজট নিরসন সম্ভব নয়।’