সেতুতে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

সেতুর মাঝখানে ছোট-বড় গর্ত। ভাঙা দুই পাশের রেলিং। দিনে কোনো রকমে হেঁটে পার হওয়া গেলেও রাতে একটু বেখেয়াল হলেই পড়তে হয় দুর্ঘটনায়। তার পরও প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে এই সেতু দিয়ে। এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু সেদিকে কারও কোনো নজর নেই। এমন করুণ হাল ফেনীর দাগনভূঞা উপজেলার মকবুলের টেকসংলগ্ন দাদনা খালের ওপর সেতুটির।
স্থানীয় লোকজন জানান, উপজেলার আলীপুরসহ আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কে এই সেতুর অবস্থান। ফলে ঝুঁকি জেনেও প্রতিদিন সেতুর ওপর দিয়ে বাধ্য হয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, দীর্ঘ প্রায় ৪০ বছর আগে এ সেতু নির্মাণ করা হয়। সেতুটি দাগনভূঞা উপজেলা সদরের সঙ্গে বেতুয়া, দক্ষিণ আলীপুর, করিমপুর, জগতপুর, চৌধুরীর হাটসহ কয়েকটি আশপাশের গ্রামের যোগাযোগ রক্ষা করে চলেছে। এটি এলাকাবাসীর কাছে ‘কালা মিয়ার পোল’ নামেও পরিচিত।
সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় সাইকেল ছাড়া অন্য কোনো কিছুই চলাচল করছে না। বেশির ভাগ মানুষ হেঁটেই সেতু পার হচ্ছে।
করিমপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৪৫) বলেন, আশপাশের লোকজন চাঁদা তুলে মাঝেমধ্যে সেতুর ভাঙন অংশে বাঁশ, সিমেন্ট ও বালু দিয়ে মেরামত করে। কিন্তু কয়েক দিন পর সেগুলো আবার ভেঙে যায়। ফলে কষ্ট থেকেই যাচ্ছে। রাতে সেতু পার হওয়ার সময় খুবই সতর্ক থাকতে হয়। অসতর্ক হলে গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বেতুয়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৩৫) জানান, সেতুটি মেরামত বা পুনর্নির্মাণের জন্য বহুবার আবেদন-নিবেদন করেও কাজ হয়নি। চলাচলে হাজারো মানুষ দুর্ভোগ পোহালেও কারও মাথাব্যথা নেই।
জানতে চাইলে দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ হোসেন বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রকৌশল বিভাগসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অথবা ইউনিয়ন পরিষদ সেতু নির্মাণ করবে।