সেতুতে গর্ত, রেলিং ভাঙা

সেতুটির রেলিং ভেঙে গেছে। পাটাতনের মাঝখানে (টপস্লাব) ভেঙে বড় দুটি ছিদ্র তৈরি হয়েছে। ভারী যানবাহন উঠলে সেতু কেঁপে ওঠে। বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার সীমান্তের সংযোগস্থলে নন্দীগ্রামের বুরইল ইউনিয়নের চাকাতলা বাজারের পাশে ভদ্রা নদীর ওপর সেতুটি অবস্থিত।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব পাশে এবং মাঝখানে বড় বড় দুটি ছিদ্র হয়ে নিচের নদী দেখা যাচ্ছে। ভেঙে গেছে সেতুর দুপাশের রেলিংই। সেতুটির পশ্চিম পাশে নন্দীগ্রাম উপজেলার চাকাতলা বাজার। ওই বাজারে যাতায়াতের জন্য দুই উপজেলার বহু মানুষকে এই সড়কের ওপর দিয়ে চলাচল করে। এ ছাড়া মহাসড়কে উঠতেও সংক্ষিপ্ত সড়ক হিসেবে ঝুঁকি থাকলেও এই সেতুটি ব্যবহার করে দুই উপজেলার বহু মানুষ।
ওই সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালক সাইদুল ইসলাম বলেন, প্রায় চার বছর আগে সেতুর দুই পাশের রেলিং ভেঙে নদীতে পড়েছে। সেতুর মাঝখানে ছিদ্র হয়ে গেছে তাও দুই বছর আগে।
নছিমনচালক দেলোয়ার হোসেন বলেন, ৩০-৪০ মণ ওজনের মালামাল নিয়ে সেতুতে ওঠা যায় না। সেতু নড়ে। তাই পাশেই বাজার থাকলেও সেতুর ওপর দিয়ে মালামাল আনা-নেওয়া বন্ধ হতে চলেছে।
চাকাতলা বাজারের ব্যবসায়ী তোজাম্মেল হক বলেন, রাতের বেলায় প্রায়ই সেতুর গর্তে ছোট গাড়ির চাকা পড়ে দুর্ঘটনা ঘটে। গত দুই বছরে এতে অনেকে এ ধরনের দুর্ঘটনায় আহত হয়েছে।
বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর কলেজ রোড দিয়ে এই সড়ক যুক্ত হয়েছে বগুড়া-রাজশাহী মহাসড়কের সঙ্গে। সড়কটি দুই উপজেলার তালিকাভুক্ত ‘উপজেলা সড়ক’।
স্থানীয় অন্তত ১০ জন বাসিন্দা বলেন, সেতুটি মেরামতের জন্য তাঁরা নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। কিন্তু কাজ হয়নি। প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের সেতুটি কমপক্ষে ৪০ বছর আগে তৎকালীন নন্দীগ্রাম থানা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এ সড়কে শেরপুর ও নন্দীগ্রাম থানা-পুলিশের এখন আর কোনো আসা-যাওয়া নেই।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান ও নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল বলেন, মাঝেমধ্যে এই সড়কে তাঁদের সন্ধ্যাকালীন পুলিশ টহল চলে থাকে।
নন্দীগ্রাম উপজেলার বরইল ইউপি চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রকৌশলী কর্মকর্তার কাছে একাধিকবার দাবি জানিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কোনো উদ্যোগ নেয়নি।
অপরদিকে সেতুর পূর্ব পাড়ের শেরপুরের কুসুম্বী ইউপি চেয়ারম্যান শাহ আলম বলেন, সংক্ষিপ্ত পথে মহাসড়কে ওঠার জন্য শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার অনেক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সেতুটি মেরামত জরুরি।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ভদ্রা নদীর ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি নতুন করে নির্মাণ প্রয়োজন। প্রায় এক বছর আগে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছেন। তবে এখনো অনুমোদন পাননি।