সেতুতে গর্ত রেলিংও ভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতুর মাঝে বিশাল গর্ত। সেতুটির এক পাশের রেলিংয়ের প্রায় পুরোটাই ভেঙে গেছে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
খাগড়াছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডে য়ংড বৌদ্ধমন্দিরের পেছনে রুখাই চৌধুরীপাড়া ও আনন্দনগর সড়কে অবস্থিত সেতুর এই অবস্থা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ১৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সেতুর মাঝামাঝি অংশে বড় গর্ত তৈরি হয়েছে। তা ছাড়া সেতুর এক পাশের রেলিং প্রায় পুরোটাই ভেঙে গেছে। ভেঙে যাওয়া রেলিংয়ের রড বের হয়ে আছে ঝুঁকিপূর্ণভাবে। ঝুঁকি নিয়ে সেতু দিয়ে অটোরিকশা ও রিকশা চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দিয়ে মারমাপাড়া, রুখাই চৌধুরীপাড়া, অর্পণা চৌধুরীপাড়া ও চাইলাউপাড়ার লোকজন যাতায়াত করেন। স্থানীয় শিশুরা অনেক সময় সেতুর ভাঙা অংশে পড়ে গিয়ে আঘাত পায়। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজনের উদ্যোগে স্টিলের পাত দিয়ে সেতুর গর্ত ঢেকে দেওয়া হয়। তবে পুরো গর্ত ঢাকা সম্ভব হয়নি।
রুখাই চৌধুরীপাড়ার বাসিন্দা মংশি মারমা বলেন, সেতুর এই অবস্থার কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। রিকশা ও অটোরিকশা চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
অর্পণা চৌধুরীপাড়ার সান্ত্বনা চাকমা বলেন, এই রাস্তা দিয়ে সন্তানকে বিদ্যালয়ে আনা-নেওয়া করলে পথ অনেক কম হয়। কিন্তু সেতু ভাঙা হওয়ার কারণে অনেক অটোরিকশার চালক এই পথে আসতে চান না। এ কারণে বাধ্য হয়ে তিন কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এতে সময় ও টাকা দুটোই বেশি লাগে।
খাগড়াছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র পরিমল দেবনাথ বলেন, আগামী দু-এক মাসের মধ্যে সেতুটি সংস্কার করা হবে বলে তিনি আশা করছেন।