সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

নীলফামারী ও পঞ্চগড় জেলার চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের ওপর শতবর্ষী পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল এড়াতে অতিরিক্ত প্রায় ৪০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি নতুন সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়িত হচ্ছে না।
গত শনিবার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার ডোমার উপজেলার চিলাহাটি থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের দূরত্ব মাত্র সাত কিলোমিটার। এই সাত কিলোমিটার সড়কের তিস্তাপাড়া নামক স্থানে বুড়িতিস্তা নদীর ওপর বহু পুরোনো একটি সেতু মেরামতের অযোগ্য হয়ে দাঁড়িয়ে আছে। ফলে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এক যুগের বেশি সময়। এ অবস্থায় ওই পথের যাত্রীদের দেবীগঞ্জ-ডোমার হয়ে প্রায় ৪০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। অবশ্য জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ ওই ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই চলাচল করছে। তারপরও নড়বড়ে সেতুর কারণে চিলাহাটি-ভাউলাগঞ্জ অঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনিভাবে ঝিমিয়ে পড়েছে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যও।
স্থানীয় লোকজন জানান, নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ঢাকা, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসার জন্য আন্তনগর রেল আছে। চিলাহাটি থেকে পঞ্চগড়ের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। ফলে ওই অঞ্চলের যাত্রীরা এ পথে এসে ট্রেনেই চলাচল করে। কিন্তু তাদের চলাচলের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সেতুটি।
ইজিবাইকে ওই সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা পঞ্চগড়, আটোয়ারী, তেঁতুলিয়া থেকে এই পথে চিলাহাটি রেলস্টেশনে যান। সেখান থেকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেসে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করেন। তেমনই একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা বেগম। তিনি বলেন, পঞ্চগড়, দেবীগঞ্জ, বাংলাবান্ধা, তেঁতুলিয়া, বোদাসহ ওই অঞ্চলের বহু মানুষ চিলাহাটি রেলস্টেশন থেকে ট্রেনে কম খরচে সরাসরি ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। তারা চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের ঝুঁকিপূর্ণ সেতুর কারণে মাত্র সাত কিলোমিটার পথের বদলে অতিরিক্ত প্রায় ৪০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করছে।
পঞ্চগড়ের চিলাহাটি ইউনিয়নের বানিয়াপাড় গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম (৭৫) বলেন, সেতুটার বয়স এক শ বছর পার হয়েছে অনেক আগেই। এখন আর এটা চলাচলের উপযোগী নেই।
ডোমারের ভোগডাবুরী ইউনিয়নের প্রামাণিক পাড়া গ্রামের তোজাম্মেল হোসেন (৫৫) বলেন, পঞ্চগড়-চিলাহাটি যাতায়াতে এখন প্রধান সমস্যা তিস্তাপাড়ার সেতুটা। এই সেতু মেরামত করা গেলে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের মধে৵ সরাসরি যোগাযোগ সম্ভব। এখন এ অঞ্চলের মানুষ ভ্যান, রিকশা, ইজিবাইকে ঝুঁকি নিয়ে ভাউলাগঞ্জ, চিলাহাটি চলাচল করছে। বাস, মাইক্রোবাসসহ ভারী যানবাহনে চলাচলকারীদের ডোমার-দেবীগঞ্জ হয়ে অতিরিক্ত প্রায় ৪০ কিলোমিটার ঘুরে আসা-যাওয়া করতে হচ্ছে।
দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান বলেন, আগে এই সড়ক পঞ্চগড় ও নীলফামারী দুই জেলার মধ্যে থাকায় সেতুটি কে করবে, তা নিয়ে দুই জেলার টানাটানিতে কোনো কাজই হয়নি। এখন সড়কটি নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে হস্তান্তর করেছে পঞ্চগড় সওজ। তিনি আরও বলেন, ওই পথে সব সময়ই এলাকাবাসী চলাচল করতে বাধ্য হয়। অনেক সময় ঝুঁকি নিয়ে যানবাহনও পারাপার হয় ওই সেতু দিয়ে। সেতুটির এমন দশা, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
চেয়ারম্যান আরও বলেন, সেতুটি করার ব্যাপারে দুবার সেখানকার বালি ও মাটি পরীক্ষা করা হয়েছে। এখন নীলফামারী সওজের অবহেলায় সেতুটি হচ্ছে না।
ডোমারের ভোগডাবুরী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক বলেন, নীলফামারীর চিলাহাটি ও ভাউলাগঞ্জ একসময় প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র ছিল। এখন অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে দূরদূরান্তের ব্যবসায়ীরা এখানে আসতে পারেন না। ফলে এ অঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, সাত কিলোমিটার সড়ক পাকা হয়েছে। কিন্তু ওই সেতুটির কারণে পিছিয়ে পড়া এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগছে না।
নীলফামারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান ওই সড়ক ও সেতুর গুরুত্বের কথা স্বীকার করে বলেন, ৫০ মিটার দীর্ঘ ওই সেতুসহ চারটি সেতু করার জন্য সওজ বিভাগের রংপুর জোনে একটি প্রকল্প করা হচ্ছে। ওই প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হবে।