সেতুতে দেড় শতাধিক জোড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলে সুঁতি নদীর ওপর নির্মিত এই সেতুটির পাটাতনে শুধু জোড়া আর জোড়া l প্রথম আলো
কিশোরগঞ্জের তাড়াইলে সুঁতি নদীর ওপর নির্মিত এই সেতুটির পাটাতনে শুধু জোড়া আর জোড়া l প্রথম আলো

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে সুঁতি নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি চলছে জোড়াতালি দিয়ে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ সেতুটি স্থাপনের পর থেকে এটির পাটাতনে দেড় শতাধিক জোড়া দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সাচাইল ও সহিলাটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত সুঁতি নদীর ওপর ১৯৮৬ সালে সওজ এ বেইলি সেতুটি নির্মাণ করে। প্রায় এক যুগ ধরে বিভিন্ন সময়ে পাটাতন মেরামত করে সেতুটি চালু রাখা হয়েছে। সর্বশেষ ১২ মার্চ পাটাতন মেরামতের কাজ শুরু করেছে সওজ। ওই দিন কথা হলে সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের উপসহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, ‘পাটাতনগুলোতে ফাটল দেখা দেওয়ায় মেরামত করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে একটি পাকা সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। সেতুটিতে এ পর্যন্ত দেড় শতাধিক জোড়া দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটির ওপর ভারী যানবাহন উঠলে এটি কাঁপতে থাকে। বেইলি সেতুটি সরু হওয়ার কারণে প্রায়ই সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হচ্ছে। এ সেতু দিয়ে একসঙ্গে একাধিক বড় যানবাহন চলাচল করতে পারে না। একটি ট্রাক-বাস সেতু দিয়ে যাতায়াতের সময় অপর প্রান্তে যানবাহনের চালকেরা গাড়ি থামিয়ে অপেক্ষা করেন। সেতুর ওপর দিয়ে গাড়ি চালানোর সময় ভয়ে থাকেন চালকেরা।
াড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভুইয়া বলেন, জরুরি ভিত্তিতে এখানে একটি পাকা সেতু নির্মাণ করা উচিত। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সওজ কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, এই বেইলি সেতুটির পরিবর্তে এখানে একটি পাকা সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। পাটাতন ভেঙে যাওয়ার খবর পেলেই ভাঙা পাটাতন মেরামত করে দেওয়া হচ্ছে।