সেতুতে ধস, যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর ওপর নির্মিত সেতুর কিছু অংশ ধসে পড়েছে। গত বুধবার বিকেলে তোলা l প্রথম আলো
শরীয়তপুরের পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর ওপর নির্মিত সেতুর কিছু অংশ ধসে পড়েছে। গত বুধবার বিকেলে তোলা l প্রথম আলো

শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ওপর নির্মিত পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ সেতুর একটি অংশ ধসে পড়েছে। গত বুধবার বিকেলে সেতুর আড়িগাঁও অংশের ১০ মিটার জায়গা নদীতে ধসে পড়ে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুর জেলা শহর থেকে মাদারীপুরের শিবচর উপজেলা সদরে যাতায়াতের জন্য ২০০৮ সালে পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর ওপর ১০৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। বৃহত্তর ফরিদপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়।

কীর্তিনাশা নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় হঠাৎ সেতুর আড়িগাঁও পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বুধবার সেতুর ১০ মিটার জায়গা নদীতে ধসে পড়েছে। সঙ্গে সঙ্গে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে সেতুটি পরিদর্শনে এসেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আহম্মেদ খান।

বুধবার বিকেল থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। ওই সড়কের যানবাহনগুলোকে প্রায় ১০ কিলোমিটার বিকল্প রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে। একটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে যাত্রীদের পারাপার করা হচ্ছে। সেতুতে যাতে কেউ উঠতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

পালং-গয়াতলা সড়কের যাত্রী দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন গাড়িতে করে জেলা শহরে যাতায়াত করি। সেতু ভেঙে যাওয়ার কারণে এখন নৌকায় পার হয়ে যাতায়াত করতে হচ্ছে।’

শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘নদীতে স্রোত থাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। সেতুটির অবস্থা বোঝার জন্য ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছি না।’