সেতুতে ফাটল, বাস চলাচল তিন মাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়িয়া-ঢাকা সড়কের নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীর ওপর সেতুতে ফাটল ধরেছে। ফাটল ধরা জায়গায় বেইলি সেতু করে হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নড়িয়া-ঢাকা সড়কের নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীর ওপর সেতুতে ফাটল ধরেছে। ফাটল ধরা জায়গায় বেইলি সেতু করে হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীর ওপর নির্মিত সেতুতে ফাটল সৃষ্টি হয়েছে। এ কারণে তিন মাস ধরে বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে উপজেলার এসব যানবাহনকে এখন শরীয়তপুর সদর হয়ে ২০ কিলোমিটার ঘুরে জাজিরা উপজেলা ও ঢাকায় যেতে হচ্ছে।
২০ বছর না যেতেই সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বলছে, সেতুর কাছ থেকে বালু উত্তোলনের কারণে এর খুঁটির কাছ থেকে মাটি সরে গেছে। এতে দুর্বল হয়ে সেতুটিতে ফাটল সৃষ্টি হয়েছে।
এলজিইডির শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, নড়িয়া উপজেলা সদর থেকে জাজিরা হয়ে সহজে ঢাকায় যাতায়াতের জন্য ১৯৯৬ সালে নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। ১০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি টাকা। গত বছরের জুলাই মাসে সেতুটির একটি প্রান্তে ফাটল দেখা দেয়। ধীরে ধীরে ফাটলটি বড় হতে থাকে। সর্বশেষ গত জুন মাসে এ সেতু দিয়ে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুটির ফাটল ধরা অংশের ওপর ছোট একটি বেইলি সেতু স্থাপন করা হয়েছে। তার পাশে ইট ও বালুর বস্তা ফেলে ফাটল ঠেকানোর চেষ্টা চলছে। আর বড় গাড়ি যাতে উঠতে না পারে, সে জন্য সেতুর দুই প্রান্তে সড়কের মধ্যে লোহার পিলার বসিয়ে দেওয়া হয়েছে।
নড়িয়া-জাজিরা সড়কে চলাচলকারী একটি বাসের চালক মিজানুর রহমান বলেন, ‘গত এক বছর ঝুঁকি নিয়ে সেতু পারাপার হয়েছি। এখন ফাটল বড় হওয়ায় সেতুতে বড় গাড়ি উঠতে দেওয়া হয় না। তাই আমাদের বাসটি এ সড়কে আর চলছে না। অন্য গাড়ি ২০ কিলোমিটার ঘুরে চলাচল করছে।’
নড়িয়া বাজারের ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, ‘আমাদের মালামাল আনা-নেওয়া করতে অনেক অসুবিধা হচ্ছে। অতিরিক্ত পথ ঘুরতে হওয়ায় পণ্যসামগ্রীর পরিবহন ব্যয় বেড়ে যায়। এর প্রভাব পড়ে খুচরা দামের ওপরে।’ তিনি আরও বলেন, সেতুটির নির্মাণকাজের মান ঠিক ছিল না। সেটা হলে ২০ বছরে ফাটল দেখা দিতে পারে না।
এলজিইডির নড়িয়া উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সেতুর কাছ থেকে ড্রেজার দিয়ে দুই বছর ধরে বালু উত্তোলন করে আসছেন প্রভাবশালী ব্যক্তিরা। আমরা বাধা দিয়েও কোনো ফল হয়নি। এভাবে বালু উত্তোলনের কারণে সেতুর পিলারের কাছের মাটি সরে গেছে। এতে সেতু দুর্বল হয়ে ফাটল সৃষ্টি হয়েছে।’
এলজিইডির শরীয়তপুরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, এলজিইডির প্রধান কার্যালয়ের বিশেজ্ঞ দল এসে পরীক্ষা করে সেতুটিকে ভারী যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। ওই স্থানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। তার আগ পর্যন্ত ভারী যানবাহন চলাচল করতে পারবে না।