সেতুতে বাতি নেই ১০ বছর, দুর্ভোগ
সিলেটের শাহজালাল তৃতীয় সেতুতে বিদ্যুতের খুঁটি আছে, আছে সংযোগও। কিন্তু কোনো বাতি নেই। এ অবস্থায় সেতু এলাকা সন্ধ্যার পরেই অন্ধকারে ছেয়ে যায়। ফলে রাতে স্থানীয় লোকজন ভয়ে ভয়ে সেতু পার হয়। এমন দুর্ভোগ চলছে ১০ বছর ধরে। এখানে মাঝেমধ্যে ছিনতাই ও দুর্ঘটনাও ঘটছে।
বাতিগুলো সচল করার বিষয়ে সেতু তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত প্রথম আলোকে বলেন, বাতিগুলো সচল করতে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। তবে নাম প্রকাশ না করার শর্তে সওজের এক কর্মকর্তা বলেন, সড়কবাতি জ্বললে প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিল দিতে হয়। এমনিতেই সওজের কাছে বিদ্যুৎ বিল বাবদ বিদ্যুৎ বিভাগের অনেক টাকা পাওনা রয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ বিল বাঁচানোর জন্যই বাতিগুলো সচল করা হচ্ছে না।
সওজ বিভাগ সূত্র জানায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের শেষ সময়ে সিলেটের সুরমা নদীতে সেতুটি নির্মাণ করা হয়। ওই সময় সেতুতে স্থাপিত সড়কবাতিগুলো বছরখানেক সচল ছিল। এরপর সব বাতি নষ্ট হয়ে যায়। সেতুটি ঢাকা-সুনামগঞ্জ বাইপাস সড়কের সঙ্গে যুক্ত সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায়। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, বাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার পর সেসব সংস্কারে সওজ কোনো উদ্যোগ নেয়নি।
গত রোববার রাত সাড়ে ১০টায় সরেজমিনে সেতুতে দেখা গেছে, সেতুতে স্থাপিত ২০টি খুঁটির কোনোটিরই বাতি জ্বলছে না।
স্থানীয় ১৪ জন বাসিন্দা বলেন, এ সেতু দিয়ে ঢাকা-সুনামগঞ্জ সড়কের বাস ও ট্রাক ছাড়াও প্রতিদিন হাজারো ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল করে। এ ছাড়া সিলেট সদর উপজেলার ইনাতাবাদ, অনন্তপুর, বাদেয়ালি, মাসুকগঞ্জ, সুজাতপুর, মীরেরগাঁও, উজানপাড়া, বাছিরপুর; দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর, তেলিকোনা এবং বিশ্বনাথ উপজেলার কামালবাজার ও তেলিবাজার গ্রামের অন্তত ১০ হাজার মানুষ সেতু দিয়ে সিলেট নগরে আসে। বাতি না থাকায় গত এক মাসে এখানে ১০ থেকে ১২টি ছিনতাই ও ৫ থেকে ৬টি দুর্ঘটনা ঘটেছে।
অনন্তপুর গ্রামের খলিলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত হাজারো মানুষ এ সেতু দিয়ে চলাচল করে। অন্ধকার থাকায় বয়স্ক ব্যক্তি ও নারীদের পথ চলতে সমস্যা বেশি হয়।
বাদেয়ালি গ্রামের বাসিন্দা পারভেজ আহমদ বলেন, অন্ধকার থাকায় ছিনতাইকারীরা সুযোগ বুঝে লুটপাট চালায়।
মহানগরের জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম দাবি করেন, গত ছয় মাসে সেতু এলাকায় ছিনতাই-সংক্রান্ত কোনো মামলা বা জিডি করেনি কেউ। তবে কেউ যাতে ছিনতাই কিংবা বিশৃঙ্খলা না ঘটাতে পারে, সে জন্য সন্ধ্যার পর থেকে ওই এলাকায় পুলিশি টহল থাকে।