সেতুতে বৈদ্যুতিক খুঁটি আছে, আলো নেই
সিলেট নগরের সুরমা নদীর ওপর নির্মিত শাহজালাল সেতুর বৈদ্যুতিক খুঁটিগুলো কোনো কাজেই আসছে না। কয়েক বছর ধরে এসব খুঁটির অধিকাংশ বাতি চুরি হয়ে গেলেও সিটি করপোরেশন তা সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।নগরবাসীর অভিযোগ, বৈদ্যুতিক খুঁটির বাতিগুলো দীর্ঘদিন ধরে অকেজো থাকায় সন্ধ্যার পর থেকে সেতুর ওপর বখাটে, ছিনতাইকারী ও মাদকসেবীদের উৎপাত বাড়ে। এতে রিকশা, অটোরিকশার আরোহীসহ পথচারীদের সব সময় আতঙ্কিত থাকতে হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ও সিলেটের দক্ষিণাঞ্চলের মানুষের সিলেট নগরে ঢুকতে হয় উপশহর-সংলগ্ন এলাকার শাহজালাল সেতু দিয়ে।ঝালোপাড়া এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, সেতুর একপাশে কিছু বাতি ছাড়া অধিকাংশই অচল। তাই সন্ধ্যার পর থেকে গুরুত্বপূর্ণ এই সেতু প্রায় অন্ধকারেই ডুবে থাকে। চাকরিজীবী হূদয় খান বলেন, ‘আমাকে প্রতিদিন চাকরির কারণে নিজ উপজেলা থেকে শাহজালাল সেতু পাড়ি দিয়ে সিলেট শহরে আসতে হয়। অনেক দিন এই সেতুর ওপর ছিনতাই হতে দেখেছি।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুতে ৪২টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এর মধ্যে দুটি খুঁটি চুরি হয়ে গেছে, একটি ভাঙা এবং একটি খুঁটি হেলানো অবস্থায় রয়েছে। গত শনি ও রোববার সন্ধ্যার পরে গিয়ে দেখা গেছে, সেতুর ওপর স্থাপিত খুঁটিগুলোর মধ্যে মাত্র তিনটিতে আলো জ্বলছে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সেতুর ওপর কোনো পুলিশি টহল চোখে পড়েনি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদকসেবী জানান, অনেক সময় হেরোইনসহ মাদকদ্রব্যের টাকা জোগাড় করতে না পেরে অনেকেই সেতুর বৈদ্যুতিক খুঁটিগুলো খুলে নিয়ে ভাঙারির দোকানে বিক্রি করে। কয়েক বছর ধরে সেতুর বাঁ পাশের সব কটি বৈদ্যুতিক বাতি অকেজো রয়েছে স্বীকার করে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, যেসব বৈদ্যুতিক খুঁটিতে বাতি নেই, সেসব চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।