সেতুতে যান চলতে দেওয়া হচ্ছে না যাত্রীদের ভোগান্তি
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত আবদুর রব সেরনিয়াবাত সেতু দিয়ে তাদের গাড়ি ছাড়া অন্যান্য যাত্রীবাহী যান চলাচল করতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের আগে এসব যানবাহন চলাচলে বাধা দেওয়ায় ঘরমুখী মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি এই সেতু চালুর পর থেকে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি ইজিবাইক, অটোরিকশা, মাহিন্দ্র (অটোরিকশার মতো যান) ও ভাড়ায় চালিত মাইক্রোবাস সেতুর ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেয়। গত মাসে পুলিশ ওই চেকপোস্ট তুলে দেয়। কিন্তু ঈদের আগে সেতু দিয়ে আবার অন্য যানবাহনের চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।ইজিবাইক ও মাহিন্দ্রের চালক আবুল হোসেন, আবদুল মতিন, সোবহান হাওলাদার অভিযোগ করেন, সেতুটি চালু হওয়ার পর থেকে তাঁদের চলতে দেয় না মালিক সমিতি। গত জুলাই মাসে একজন রোগী মারা যাওয়ার পর কয়েক দিনের জন্য উন্মুক্ত ছিল। ঈদের আগেই আবার তাঁদের জন্য সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জিল্লুর রহমান বলেন, সেতুটি উদ্বোধনের পর থেকেই বাস মালিক সমিতি ইজিবাইক, অটোরিকশা ও মাহিন্দ্র চলাচলে আপত্তি করে আসছে। রুট পারমিটের দোহাই দিয়ে এগুলো যাতে না চলে, সে জন্য ট্রাফিক পুলিশকে অনুরোধ জানায়। বিষয়টি ঈদের সময় মোটেও গ্রহণযোগ্য নয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সৈয়দ তৌফিকউদ্দিন আহম্মেদ বলেন, ঈদে যাতে মানুষের কষ্ট না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন, মালিক সমিতি নয়, শ্রমিকেরা তাঁদের রুটি-রুজির তাগিদে এসব যানবাহন আটকায়। ট্রাফিক আইন অনুযায়ী, মাহিন্দ্র রাস্তায় চলতে পারে না। সাড়ে তিন শ মাহিন্দ্র চলাচল করলে মালিক সমিতির গাড়ি চলবে কোথায়?