বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রাবাজার-সংলগ্ন কচুপাত্রারদোন নদের ওপর হাঁটার সেতুটি ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যাওয়ার পর চার বছর পার হলেও সেটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। এতে ওই এলাকার তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যক্তিরা জানান, ১০ বছর আগে আমতলী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কচুপাত্রারদোন নদের ওপর সেতুটি নির্মাণ করে। ২০০৭ সালের সিডরে সেতুর মাঝখান থেকে একটি অংশ সম্পূর্ণ ভেঙে যায়। পরে গ্রামের বাসিন্দারা ভাঙা স্থানে বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে তার ওপর দিয়ে পারাপার হচ্ছে। আমতলী উপজেলার কড়ইবাড়িয়া, পচাকোড়ালিয়া ও বড়বগী ইউনিয়নের কলারং, হুলাটানা, হাঁড়িপাড়া, চান্দখালী, তালতলী, বড়পাড়া, পচাকোড়ালিয়া ও কড়ইতলা গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ কচুপাত্রাবাজার ও আমতলী উপজেলা সদরে আসতে সেতুটি ব্যবহার করে। এ ছাড়া, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সেতুর ওপর দিয়ে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা পারাপার হচ্ছে। ভাঙাচোরা বাঁশের সাঁকোর ওপর দিয়ে চলাচল করায় যেকোনো সময় তা ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় মানুষের আশঙ্কা। কচুপাত্রা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, ‘চার বছর ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। চলাচলের প্রয়োজনে এটির ওপর স্থানীয় অধিবাসীরা সাঁকো বানিয়েছে। দুই-তিন মাস পরপর সাঁকো নড়বরে হয়ে যায়। আবার চলাচলের উপযোগী করতে আমাদের তা মেরামত করতে হয়।’কচুপাত্রা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শেফালী আক্তার জানায়, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটি পার হয়ে মাদ্রাসায় যেতে হচ্ছে। সাঁকো দিয়ে পারাপারের সময় ভয় লাগে। কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতু পার হতে হয়।’ পচাকোড়ালিয়া ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নান্নু মিয়া বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে বেশ কয়েকবার সেতুটি সংস্কারে এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল মিলেনি। যোগাযোগ করা হলে এলজিইডির আমতলী উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সেতুটি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় সংস্কার বা নির্মাণ করা সম্ভব হয়নি। এডিবির অর্থায়নে যত দ্রুত সম্ভব সেতুটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।